পলাতক নেতাদের উসকানিমূলক বক্তব্যে প্ররোচিত হয়ে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডে জড়িত না হওয়ার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। দেশে অবস্থানরত আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেছেন, বিদেশে নিরাপদে থাকা নেতাদের কথায় কান দিয়ে নিজেদের বিপদের মুখে ঠেলে দেবেন না।
সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন আবু হানিফ।
পোস্টে তিনি অভিযোগ করেন, ডিসেম্বরকে লক্ষ্য করে নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের পুরোনো কৌশলে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটাচ্ছে। তার দাবি, অতীতেও আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বাসে আগুন দিয়ে মানুষ হত্যার পর বিরোধী দলের ওপর দায় চাপানোর ঘটনা ঘটিয়েছে।
আবু হানিফ বলেন, বিদেশে পরিবার নিয়ে নিরাপদে অবস্থান করা আওয়ামী লীগের নেতারা উসকানিমূলক বক্তব্য দিয়ে দেশে থাকা সাধারণ নেতাকর্মীদের জীবন ঝুঁকির মধ্যে ফেলছেন। অথচ নেতারা দেশ ছাড়ার সময় সাধারণ নেতাকর্মীদের নিরাপত্তার কথা বিবেচনা করেননি। বরং নিজেদের ও পরিবারের নিরাপত্তাকেই বেশি গুরুত্ব দিয়েছেন।
তিনি আরও বলেন, যারা বিদেশে নিরাপদে রয়েছেন, তাদের কথায় প্ররোচিত হয়ে দেশে থাকা নেতাকর্মীদের কোনো বিপজ্জনক কর্মকাণ্ডে জড়ানো উচিত নয়। নিজেদের নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
আবু হানিফের এই বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে পলাতক নেতাদের ভূমিকা এবং দেশে থাকা দলীয় নেতাকর্মীদের নিরাপত্তার বিষয়টি আবারও আলোচনায় এসেছে।
একটি উত্তর দিন