জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ডা. মাহমুদা মিতু গত সাত দিন ধরে মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে সরাসরি হত্যার হুমকি পাওয়ার চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। গত বৃহস্পতিবার জাতীয় সংসদে আবেগপ্রবণ হওয়া এবং মেজাজ হারানোর একটি ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য প্রকাশ করেন। সংসদে জুলাই আন্দোলনের শহীদ, আহত ব্যক্তি এবং সমন্বয়ক নাহিদ ইসলাম ও হান্নান মাসউদের আত্মত্যাগের অবমূল্যায়ন ও অপমান করা হচ্ছে বলে পোস্টে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সংসদ অধিবেশনে এমপি হান্নান মাসউদকে ‘বস’ ও ‘বেয়াদব’ বলে বারবার অপমান করার প্রতিবাদ জানাতে গিয়ে তিনি বলেন, যাদের নিজেদের নিরাপত্তা নিয়ে কখনো ভাবতে হয় না, তারা আঁতাত করে রাজনীতি করে বুঝতে পারবে না অনিশ্চয়তার মধ্যে বুকভরে রাজনীতি করা কতটা কঠিন। এর আগে নিজের বাড়িতে আগুন দেওয়ার হুমকি ও বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনের কথা উল্লেখ করে তিনি আক্ষেপ প্রকাশ করেন যে, তার এই নিরাপত্তা শঙ্কাগুলোকেও অতীতে নুসরাত হত্যাকাণ্ডের মতো লঘু করে দেখার চেষ্টা করা হতে পারে। পোস্টের শেষাংশে শহীদ ওসমান হাদির একটি আলোচিত উক্তি স্মরণ করে নিজের জীবনের চরম নিরাপত্তাহীনতা ও উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করেন এই সংসদ সদস্য।
একটি উত্তর দিন