জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গত সাত দিন ধরে সরাসরি ফোনকল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন নম্বর থেকে তিনি এসব হুমকি পাচ্ছেন বলে জানিয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য প্রকাশ করেন মাহমুদা মিতু। একই সঙ্গে হুমকির কয়েকটি স্ক্রিনশটও পোস্টে যুক্ত করেন তিনি। প্রকাশিত স্ক্রিনশটের একটিতে ভারতীয় নম্বর থেকে ‘লরেন্স বিষ্ণোই’ পরিচয়ে পাঠানো একটি হুমকির বার্তা দেখা যায়।
এদিকে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে আবেগপ্রবণ হয়ে পড়া এবং একপর্যায়ে মেজাজ হারানোর ঘটনার ব্যাখ্যাও দিয়েছেন এই সংসদ সদস্য।
ফেসবুক পোস্টে মাহমুদা মিতু লেখেন, সংসদে তিনি প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। একপর্যায়ে নিজের মেজাজও নিয়ন্ত্রণ করতে পারেননি। জুলাই আন্দোলনের শহীদদের রক্ত, আহতদের আত্মত্যাগ এবং হান্নান মাসুদ ও নাহিদ ইসলামের মতো আন্দোলনের নেতাদের অবদানের ওপর দাঁড়িয়ে বর্তমান সংসদ প্রতিষ্ঠিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, সংসদে যুক্তিতর্কে পেরে না উঠলে বিরোধীদের ‘বেয়াদব’ বলে অপমান করা হচ্ছে। কথার মাধ্যমে জবাব দিতে না পারলেই এ ধরনের অপমানজনক শব্দ ব্যবহার করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
মাহমুদা মিতুর এই অভিযোগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। হত্যার হুমকির ঘটনায় তিনি কী ধরনের আইনি পদক্ষেপ নিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
একটি উত্তর দিন