ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার গুঞ্জনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যঙ্গাত্মক পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আপা আসবে তাই চলে যাচ্ছি। বিদায় বাংলাদেশ!’
পোস্টটির সঙ্গে বিমানের ভেতরে তোলা একটি ছবিও যুক্ত করেন আসিফ মাহমুদ। ছবিতে তার সঙ্গে দেখা যায় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে।
তবে ফেসবুক পোস্টে তারা কোথায় যাচ্ছেন, সে বিষয়ে কোনো তথ্য জানাননি আসিফ মাহমুদ। ফলে তাদের গন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল তৈরি হয়েছে।
শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার গুঞ্জনের মধ্যে দেওয়া এই পোস্টটি ঘিরে ফেসবুকে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। প্রতিবেদন লেখার সময় বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টা ৫০ মিনিট পর্যন্ত পোস্টটিতে প্রায় ৫৪ হাজার রিঅ্যাকশন পড়েছে। পাশাপাশি সাড়ে চার হাজারের বেশি মন্তব্য এবং দুই শতাধিক শেয়ার হয়েছে।
আসিফ মাহমুদের সংক্ষিপ্ত এই স্ট্যাটাসকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা ও প্রতিক্রিয়া। তবে পোস্টটির মাধ্যমে তিনি প্রকৃতপক্ষে কোথাও যাওয়ার ঘোষণা দিয়েছেন, নাকি নিছকই ব্যঙ্গ করেছেন, তা স্পষ্ট করেননি।
একটি উত্তর দিন