দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে স্কুল ফিডিং কর্মসূচির পরিধি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩১ লাখ শিক্ষার্থী এ কর্মসূচির আওতায় থাকলেও ২০২৭ সালের মধ্যে এ সংখ্যা বাড়িয়ে প্রায় ১ কোটি ১০ লাখে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) হবিগঞ্জের বাহুবল উপজেলা পরিষদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে আয়োজিত স্কুল ফিডিং কর্মসূচির ওরিয়েন্টেশন ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় এ পরিকল্পনার কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে শুধু অবকাঠামো নির্মাণ নয়, শিক্ষার্থীদের শিখনফল, পুষ্টি, শিক্ষক প্রশিক্ষণ, নিয়মিত মনিটরিং ও জবাবদিহি নিশ্চিত করাও জরুরি। শিক্ষার্থীরা প্রত্যাশিত শিক্ষা অর্জন করতে পারছে কি না, তা গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করতে হবে। শিক্ষার মানোন্নয়নে কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত করে সম্মিলিতভাবে সমাধানের উদ্যোগ নিতে হবে।
তিনি আরও বলেন, প্রাথমিক পর্যায়েই অনেক শিক্ষার্থী বিদ্যালয় থেকে ঝরে পড়ছে। মাধ্যমিক পর্যায়ে যাওয়ার পথে ঝরে পড়ার হার আরও বাড়ছে। কোনো শিশু যেন শিক্ষার বাইরে না থাকে, সে লক্ষ্য বাস্তবায়নে স্কুল ফিডিং কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি ও পাঠদানে সম্পৃক্ত রাখাও এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
খাবারের পুষ্টিমান ও নিরাপত্তায় বিশেষ গুরুত্ব
বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর সহযোগিতায় শিক্ষার্থীদের বয়স অনুযায়ী আন্তর্জাতিকভাবে স্বীকৃত পুষ্টিমান অনুসরণ করে খাবারের গুণগত মান নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বিদ্যালয়ে খাবার সংরক্ষণের জন্য প্রয়োজনীয় স্টোরেজ সুবিধা গড়ে তোলার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। খাবারের মান নিয়ে কোনো অভিযোগ উঠলে তা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠাতে হবে। গুজব বা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে নয়, বরং পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে হবে।
স্কুল ফিডিংয়ে যুক্ত হবেন প্রশিক্ষিত মায়েরা
স্কুল ফিডিং কার্যক্রমে অভিভাবকদের অংশগ্রহণ বাড়াতে মায়েদের সম্পৃক্ত করার পরিকল্পনার কথাও জানান ববি হাজ্জাজ। বিশ্ব খাদ্য কর্মসূচির অভিজ্ঞতা কাজে লাগিয়ে মায়েদের প্রশিক্ষণ দিয়ে খাবার প্রস্তুত ও বিতরণ কার্যক্রমে যুক্ত করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
প্রশিক্ষিত মায়েরা স্বাস্থ্যবিধি মেনে ডিম সিদ্ধ, খাবার সংরক্ষণ এবং বিদ্যালয়ে সরবরাহের কাজে অংশ নিতে পারবেন। এতে খাবারের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি বিদ্যালয়ের কার্যক্রমে অভিভাবকদের অংশগ্রহণ বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রাথমিক শিক্ষার অবকাঠামো উন্নয়নে নতুন উদ্যোগ
প্রাথমিক উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫) অনুমোদনের বিষয়টি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ কর্মসূচির মাধ্যমে প্রাথমিক শিক্ষার অবকাঠামো ও অন্যান্য প্রয়োজনীয় উন্নয়নে নতুন উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
তবে নির্মাণকাজের প্রতিটি পর্যায়ে যথাযথ তদারকি এবং গুণগত মান নিশ্চিত করতে হবে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও অনিয়মের কারণে নতুন অবকাঠামো যেন দ্রুত নষ্ট না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি।
বিদ্যালয়ের উন্নয়নে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ জরুরি
বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে ববি হাজ্জাজ বলেন, প্রধান শিক্ষকদের স্থানীয় জনপ্রতিনিধি, মসজিদ ও মন্দির কমিটি এবং অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে।
বিদ্যালয়ের প্রতি স্থানীয় মানুষের দায়িত্ববোধ ও মালিকানাবোধ তৈরি হলে অবকাঠামো সংরক্ষণ, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষার পরিবেশ উন্নত করা সহজ হবে।
সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া, বিশ্ব খাদ্য কর্মসূচি বাংলাদেশের হেড অব প্রোগ্রাম জেসি উড, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক এবং বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে প্রতিমন্ত্রী বাহুবল উপজেলার বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দারাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি স্কুল ফিডিং কার্যক্রম, খাবারের মান, সংরক্ষণ ও পরিবেশনব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণের খোঁজখবর নেন।
একটি উত্তর দিন