দুর্গাপূজা ও লক্ষ্মীপূজার ছুটি শেষে আগামীকাল সোমবার (২৬ অক্টোবর) থেকে মাধ্যমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম শুরু হচ্ছে। তবে সরকারি-বেসরকারি কলেজগুলোতে ক্লাস শুরু হবে আগামী ১ নভেম্বর।
বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারিত ছিল। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি এবং ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা ১০ দিনের ছুটি হয়। ছুটি শেষে সোমবার থেকে আবারও নিয়মিত পাঠদান শুরু হবে।
দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে সরকারি-বেসরকারি কলেজগুলোতে দীর্ঘ ছুটি নির্ধারণ করা হয়েছিল। কলেজগুলোতে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছুটি রয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা ১৬ দিন শ্রেণি কার্যক্রম বন্ধ থাকছে। ছুটি শেষে আগামী ১ নভেম্বর থেকে কলেজে নিয়মিত ক্লাস শুরু হবে।
মাদ্রাসাগুলোতে ছুটি শেষে রোববার থেকেই শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। এসব প্রতিষ্ঠানে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারিত ছিল। সাপ্তাহিক ছুটিসহ মোট পাঁচ দিন বন্ধ থাকার পর আবারও পাঠদান শুরু হয়েছে।
কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ছুটি ছিল। সাপ্তাহিক ছুটি ও লক্ষ্মীপূজার ছুটি মিলিয়ে টানা ১০ দিন বন্ধ থাকার পর সোমবার থেকে এসব প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম শুরু হচ্ছে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ছুটির সময়সূচিতে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। ফলে প্রতিষ্ঠানভেদে ক্লাস শুরুর তারিখও আলাদা হয়েছে।
একটি উত্তর দিন