চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের গাজিরগাছখোলা গ্রামে এক সৌদি প্রবাসীর বসতবাড়ির যাতায়াতের প্রধান পথে বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে এবং পথটি অবিলম্বে উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী।
অভিযোগ উঠেছে, স্থানীয় জামায়াত নেতা ও ছেংগারচর পৌরসভার মেয়র প্রার্থী আবদুল হাই শিকদার প্রবাসীর বসতবাড়ির প্রবেশমুখে বাঁশের বেড়া দিয়ে যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছেন এবং জায়গাটিকে ‘কবরস্থান’ বলে দাবি করছেন।
মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগী ও এলাকাবাসী জানান, সৌদি প্রবাসী মামুন মোল্লার অর্জিত উপার্জনে নির্মিত বাড়িটিতে দীর্ঘদিন ধরে তাঁর পরিবার বসবাস করে আসছে। সম্প্রতি বাড়িতে প্রবেশের জন্য গেট নির্মাণের উদ্যোগ নিলে আবদুল হাই শিকদার বাঁশের বেড়া দিয়ে যাতায়াতের মূল রাস্তাটি বন্ধ করে দেন। এর ফলে গত দুই সপ্তাহ ধরে প্রবাসী পরিবারের সদস্যরা নিজ বাড়িতেই একপ্রকার অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছেন।
প্রবাসী মামুন মোল্লার স্ত্রী আঁখি আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ায় আমার সন্তান সাইকেল নিয়ে বের হতে পারছে না। দুই কিলোমিটার পথ হেঁটে প্রতিদিন তাকে স্কুলে যেতে হচ্ছে। আমরা মানবেতর জীবনযাপন করছি।”
মামুন মোল্লার সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছেলে আশরাফুল জানায়, রাস্তার প্রবেশমুখে বেড়া দেওয়ার কারণে গত দুই সপ্তাহ যাবত তার স্কুল ও কোচিংয়ে যাতায়াত করতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
অন্যদিকে, অভিযোগ সম্পর্কে জামায়াত নেতা আবদুল হাই শিকদার দাবি করেন, উক্ত জমিটি তাঁর নিজের এবং সেখানে কবরস্থান থাকায় নিরাপত্তার স্বার্থেই তিনি বেড়া দিয়েছেন।
মানববন্ধন শেষে ভুক্তভোগী পরিবার ও গাজিরগাছখোলা গ্রামের বাসিন্দারা অবরুদ্ধ দশা থেকে মুক্তি পেতে এবং চলাচলের পথ দ্রুত স্বাভাবিক করতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও আইন প্রয়োগকারী সংস্থার জরুরি হস্তক্ষেপ দাবি করেন।
এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লিখিত অভিযোগ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে ঘটনার তদন্তপূর্বক দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply