ব্রাজিলের জাতীয় দলের জার্সিতে আবারও মাঠে নামতে চান তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ২০২৮ সালের কোপা আমেরিকা কিংবা ২০৩০ বিশ্বকাপের আগে জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন সান্তোসের এই অভিজ্ঞ ফুটবলার। তবে সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে হলে ফিটনেস ও পারফরম্যান্সে আরও উন্নতি করতে হবে তাকে।
সম্প্রতি জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে নিজের আশার কথা জানিয়েছেন নেইমার। কিংস লিগ কাপের একটি ম্যাচ দেখতে গিয়ে এ বিষয়ে কথা বলেন তিনি। সোমবার (১৬ অক্টোবর) সাও পাওলোর গুয়ারুলহোসে অনুষ্ঠিত ম্যাচটিতে ফুরিয়ার সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন এই ব্রাজিলিয়ান তারকা।
এ সময় নেইমারের সঙ্গে ছিলেন সান্তোসের সতীর্থ ফিলিপে কুতিনিয়ো ও আর্থার। ঘনিষ্ঠ বন্ধু ক্রিস গুয়েদেসের সঙ্গে সম্প্রচার বুথে বসে ফুটবল ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করেন তিনি।
আলাপচারিতায় গুয়েদেস নেইমারের কাছে জানতে চান, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত পেশাদার ফুটবল চালিয়ে যাওয়ার পরিকল্পনা আছে কি না। জবাবে নেইমার জানান, বিশ্বকাপ পর্যন্ত খেলার ব্যাপারে তিনি আশাবাদী।
পরে পরবর্তী কোপা আমেরিকার সাল নিয়ে আলোচনার সময় গুয়েদেস ভুল করে ২০২৭ সালের কথা উল্লেখ করেন। তবে টুর্নামেন্টটির পরবর্তী আসর ২০২৮ সালে অনুষ্ঠিত হওয়ার কথা। এ সময় মজার ছলে উঠে আসে ব্রাজিলের হলুদ জার্সিতে নেইমারের প্রত্যাবর্তনের প্রসঙ্গ।
নিজের ক্লাব ও জাতীয় দলের জার্সি নিয়ে কথা বলতে গিয়ে নেইমার বলেন, সান্তোসের সাদা জার্সিতেই তাকে বেশি ভালো লাগে। তবে ব্রাজিলের হলুদ জার্সিতেও তাকে মানায় বলে স্বীকার করেন তিনি। সতীর্থ আর্থারও জাতীয় দলের জার্সিতে নেইমারকে দারুণ দেখায় বলে মন্তব্য করেন।
কথোপকথনে গুয়েদেস আরও উল্লেখ করেন, পিএসজিতে থাকার সময়ের তুলনায় বর্তমানে বেশি ম্যাচ খেলছেন নেইমার। তার মতে, শারীরিক সক্ষমতা ও ফিটনেস ধরে রাখতে পারলে ২০২৮ সালের কোপা আমেরিকা হতে পারে ২০৩০ বিশ্বকাপের প্রস্তুতির গুরুত্বপূর্ণ মঞ্চ।
জাতীয় দলে ফেরার স্বপ্ন নিয়ে নেইমারের সরল স্বীকারোক্তি, ‘স্বপ্ন দেখতে তো কোনো খরচ নেই। আমিও স্বপ্ন দেখি।’
নেইমারের এই মন্তব্যে ব্রাজিলের জার্সিতে ফেরার প্রবল আগ্রহ স্পষ্ট হয়েছে। তবে জাতীয় দলে তার প্রত্যাবর্তন এখনো নিশ্চিত নয়। সান্তোসের হয়ে নিয়মিত খেলা, ইনজুরি এড়িয়ে চলা এবং ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখাই আপাতত তার প্রধান চ্যালেঞ্জ।
সবকিছু ঠিক থাকলে ২০২৮ কোপা আমেরিকার আগেই ব্রাজিল দলে ফেরার সুযোগ তৈরি হতে পারে নেইমারের সামনে। পাশাপাশি ২০৩০ বিশ্বকাপে খেলার স্বপ্নও বাঁচিয়ে রাখতে চান তিনি।
জাতীয় দলের পাশাপাশি কিংস লিগ নিয়েও ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে নেইমারের। ২০৩০ সালে ফুরিয়ার হয়ে আনুষ্ঠানিক কিংস লিগের ম্যাচ খেলার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। সে ক্ষেত্রে সান্তোসের বর্তমান সতীর্থদের সঙ্গে মাঠে নামার সম্ভাবনাও উড়িয়ে দেননি ব্রাজিলিয়ান এই তারকা।
Leave a Reply