জাতীয় ঐক্য, সমঝোতা ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা করছে বিএনপি সরকার—এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর দাবি, আওয়ামী লীগকে রাজনৈতিক পরিসরে জায়গা দেওয়ার উদ্যোগের পর এখন বিএনপি নিজেই সংকটের মুখে পড়েছে।
সোমবার (১৬ নভেম্বর) যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ডে অবস্থিত দ্য মেফেয়ার ভেন্যুতে স্থানীয় সময় রাতে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রবাসী বাংলাদেশি, শিক্ষার্থী, রাজনৈতিক ও কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম বলেন, গত সাত মাস ধরে জাতীয় ঐক্য, সমঝোতা ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির নামে আওয়ামী লীগকে রাজনৈতিক পরিসরে জায়গা দেওয়ার চেষ্টা করেছে বিএনপি সরকার। এর ফলে বিএনপির নেতা-কর্মীদের বাড়িঘরেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও অভিযোগ করেন, বিএনপির একটি অংশ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের উদ্যোগে ভূমিকা রেখেছে। অথচ বর্তমানে আওয়ামী লীগের কথিত সহিংস কর্মকাণ্ডের মুখে বিএনপি অসহায় হয়ে বিরোধী দলগুলোর সহযোগিতা চাইছে।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের রাষ্ট্র গঠনে ভূমিকার জন্য তারা জিয়াউর রহমানকে শ্রদ্ধা করেন। তবে তিনি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। নিজের জীবনদানের মধ্য দিয়ে তাঁকে সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে হয়েছে বলে মন্তব্য করেন নাহিদ।
তিনি বলেন, পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানকেও রাজনৈতিক প্রতিকূলতার মুখে পড়তে হয়েছে। দীর্ঘ সময় তারেক রহমানকে যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটাতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বিএনপিকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, প্রয়োজনীয় সংস্কার ও বিচার নিশ্চিত না করে জাতীয় ঐক্যের কথা বলার কোনো অর্থ নেই। জুলাই গণঅভ্যুত্থানের ঐক্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে নয়, বরং বাংলাদেশের জনগণের সঙ্গে।
এ সময় তিনি দ্রুত রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করার দাবি জানান।
এদিকে, সংবর্ধনা অনুষ্ঠান শেষে ভেন্যুর বাইরে এনসিপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
Leave a Reply