1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
রিমান্ডে জিজ্ঞাসাবাদেও নীরব এসপি জাহাঙ্গীর, টেক্সট বার্তা নিয়ে এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন গ্রেপ্তারের ভয় দেখিয়ে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, কণ্ঠ নকলে এআই স্বাস্থ্য খাতে দুর্নীতির ভয়াবহ চিত্র, ৪০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে বড় ফাটল, নেতানিয়াহুর ওপর বাড়ছে চাপ হরমুজ প্রণালির পূর্বে নৌ-মাইনে আঘাত, আগুনে অচল তেলের ট্যাংকার সংসদ সদস্য মাহমুদা মিতুকে হত্যার হুমকি, ফোন ও হোয়াটসঅ্যাপে বার্তা শাপলা চত্বর মামলা: ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির অস্থিরতার মুখে গোপালগঞ্জের ডিসি ও এসপি বদলি, মোতায়েন আরও ৩ প্লাটুন বিজিবি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে ডেসিম্বরকে ঘিরে বড় কোনো নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

গ্রেপ্তারের ভয় দেখিয়ে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, কণ্ঠ নকলে এআই

  • আপডেটের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৪ সময় দৃশ্য

পুলিশ ও ডিবি কর্মকর্তা পরিচয়ে অভিভাবকদের ফোন করে সন্তানকে মাদকসহ গ্রেপ্তারের কথা জানানো হচ্ছে। কখনো সন্তানের কান্নার শব্দ, কখনো মারধরের আওয়াজ শুনিয়ে টাকা দাবি করছে প্রতারকেরা। পরিচিতজনের কণ্ঠ নকল করতে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি।

দেশে নতুন কৌশলে মুঠোফোনভিত্তিক প্রতারণা বাড়ছে। প্রতারক চক্রের সদস্যরা নিজেদের পুলিশ, গোয়েন্দা কর্মকর্তা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে অভিভাবকদের ফোন করছে। এরপর তাঁদের সন্তানকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে অথবা কোনো অপরাধে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে বলে জানানো হচ্ছে। সন্তানকে মামলা ও কারাগার থেকে বাঁচানোর কথা বলে দাবি করা হচ্ছে মোটা অঙ্কের টাকা।

প্রতারকেরা শুধু ভয় দেখিয়েই থেমে থাকছে না। অনেক ক্ষেত্রে সন্তানের মতো কণ্ঠ তৈরি করে ফোনের অপর প্রান্ত থেকে কান্নাকাটি ও বাঁচানোর আকুতি শোনানো হচ্ছে। কোথাও আবার মারধরের শব্দ শুনিয়ে পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলা হচ্ছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এসব ঘটনায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে কণ্ঠস্বর নকল করার ঘটনাও ঘটছে।

সন্তানকে ছাড়াতে চাওয়া হচ্ছে লাখ লাখ টাকা

গত ২৪ অক্টোবর বরিশাল সদর উপজেলার বাসিন্দা আবুল কালাম আজাদের কাছে অপরিচিত একটি নম্বর থেকে ফোন আসে। ফোনকারী নিজেকে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পরিচয় দিয়ে জানান, তাঁর ছেলেকে মাদকসহ আটক করা হয়েছে। ছেলেকে ছাড়াতে হলে দ্রুত বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে হবে।

আবুল কালাম আজাদের ছেলে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ফোনে তাঁকে জানানো হয়, তাঁর ছেলে ও কয়েক বন্ধুর ব্যাগে অবৈধ জিনিস পাওয়া গেছে। তাঁদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হচ্ছে। ছেলেকে মুক্ত করতে প্রথমে ১ লাখ ২০ হাজার টাকা দাবি করা হয়।

এত টাকা একসঙ্গে দিতে পারবেন না জানালে ফোনকারী ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলে টাকা কমানোর আশ্বাস দেন। পরে একটি বিকাশ নম্বর দিয়ে দ্রুত টাকা পাঠাতে চাপ দিতে থাকেন।

তবে আতঙ্কিত না হয়ে ছেলের মুঠোফোনে যোগাযোগ করেন আবুল কালাম। কথা বলে নিশ্চিত হন, তাঁর ছেলে কর্মস্থলে আছেন এবং গ্রেপ্তারের কোনো ঘটনাই ঘটেনি। এরপর প্রতারকদের নম্বরে যোগাযোগের চেষ্টা করেও আর সাড়া পাননি তিনি।

সন্তানের কণ্ঠে কান্না শুনিয়ে আদায় ২০ হাজার টাকা

গত ১৪ নভেম্বর একই ধরনের প্রতারণার শিকার হন একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা জিসান হোসাইনের বাবা। তাঁকে ফোন করে ডিবি পরিচয়ে এক ব্যক্তি জানান, তাঁর ছেলেকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ছেলেকে ছাড়াতে পাঁচ লাখ টাকা দাবি করেন তিনি।

জিসানের বাবা ছেলের মাদক গ্রহণের বিষয়টি অবিশ্বাস করলে ফোনের অপর প্রান্ত থেকে বলা হয়, তাঁর ছেলের সঙ্গে একজন মেয়েকেও আটক করা হয়েছে এবং ওই মেয়ের কাছে ইয়াবা পাওয়া গেছে। টাকা না দিলে ছেলেকে মাদক মামলায় গ্রেপ্তার দেখানোর হুমকি দেওয়া হয়।

একপর্যায়ে ফোনে মারধরের শব্দ শোনানো হয়। এরপর জিসানের মতো কণ্ঠে এক ব্যক্তি কান্নাকাটি করে বলতে থাকেন, ‘আব্বু, আমাকে বাঁচাও। ওরা যা চায়, দিয়ে দাও।’

ছেলের কণ্ঠ শুনে আতঙ্কিত হয়ে পড়েন তাঁর বাবা। ছেলের নিয়মিত নম্বরে ফোন করেও সেটি বন্ধ পান। পরে পাঁচ লাখ টাকা জোগাড় করতে পারবেন না জানালে প্রতারকেরা কিছু সময় দেন।

প্রায় এক ঘণ্টা পর আবার ফোন করে টাকা জোগাড় হয়েছে কি না জানতে চাওয়া হয়। শেষ পর্যন্ত ২০ হাজার টাকা দিতে পারবেন জানালে প্রতারক চক্রের দুই সদস্য মিরপুর-১২ নম্বরে তাঁদের বাসার নিচে গিয়ে টাকা নিয়ে যান।

পরে পরিবারের সদস্যরা জিসানের অন্য একটি নম্বরে যোগাযোগ করলে জানতে পারেন, তিনি অফিসের প্রশিক্ষণে রয়েছেন। তখনই তাঁরা বুঝতে পারেন, এটি পরিকল্পিত প্রতারণা।

জিসান জানান, প্রতারকেরা তাঁর কণ্ঠের মতো অবিকল কণ্ঠ তৈরি করে কান্নাকাটি করছিলেন। নির্যাতনের কথা বলে টাকা দেওয়ার আকুতি জানানো হচ্ছিল। সেই কণ্ঠ শুনেই তাঁর বাবা প্রতারকদের ফাঁদে পড়েন।

কণ্ঠস্বর নকল করতে ব্যবহার হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা

গত ২৯ আগস্ট সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বাসিন্দা রইচ উদ্দিনের কাছেও একই কৌশলে ফোন করা হয়। ডিবি পরিচয়ে ফোনকারী প্রথমে কৌশলে তাঁর ছেলের নাম ও পেশা জেনে নেন। পরে ছেলেকে ইয়াবাসহ গ্রেপ্তারের কথা জানিয়ে তিন লাখ টাকা দাবি করেন।

প্রায় ১০ মিনিট পর অন্য একটি নম্বর থেকে ফোন করে ছেলের কান্নার শব্দ শোনানো হয়। দ্রুত টাকা না দিলে বিপদ হবে বলে ভয় দেখানো হয়। তবে ছেলের নম্বরে যোগাযোগ করে রইচ উদ্দিন জানতে পারেন, তাঁর ছেলে তখন অফিসে রয়েছেন।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও, অডিও কিংবা অন্য উৎস থেকে সংগ্রহ করা কণ্ঠস্বরের নমুনা ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে পরিচিত মানুষের কণ্ঠ নকল করা সম্ভব। অল্প সময়ের অডিও নমুনা দিয়েও কণ্ঠস্বরের ক্লোন তৈরি করা যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক বি এম মইনুল হোসেন বলেন, ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে এ ধরনের প্রতারণা করা এখন অনেক সহজ হয়েছে। এআই প্রযুক্তির মাধ্যমে প্রায় অবিকল কণ্ঠস্বর তৈরি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। সাধারণ মানুষের পক্ষে অনেক সময় আসল ও নকল কণ্ঠের পার্থক্য বোঝা কঠিন হয়ে পড়ে।

কীভাবে সংগ্রহ করা হচ্ছে ব্যক্তিগত তথ্য

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রতারক চক্র বিভিন্ন উৎস থেকে মানুষের মুঠোফোন নম্বর ও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে। সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন কেনাকাটার ওয়েবসাইট, আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহক তালিকা এবং ফাঁস হওয়া তথ্যের ভান্ডার থেকে এসব তথ্য নেওয়া হয়।

কখনো বিভিন্ন প্রতিষ্ঠানের অসাধু কর্মীদের মাধ্যমেও অর্থের বিনিময়ে গ্রাহকের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে প্রতারকেরা।

ডিবির সাইবার বিভাগের কর্মকর্তাদের মতে, প্রতারকেরা কখনো নির্দিষ্ট ব্যক্তির পারিবারিক পরিচয় ও অন্যান্য তথ্য জেনে পরিকল্পিতভাবে ফোন করে। আবার কখনো একসঙ্গে অনেক নম্বরে ফোন দিয়ে প্রতারণার চেষ্টা চালায়।

ফোনের শুরুতেই সন্তানের নাম, পরিচয় ও পেশা সম্পর্কে জানতে চাওয়া হয়। অভিভাবকেরা সরল বিশ্বাসে এসব তথ্য জানিয়ে দিলে প্রতারকেরা এমনভাবে কথা বলে, যেন তাঁরা আগে থেকেই পরিবারের সব তথ্য জানেন।

বায়োমেট্রিক সিম নিবন্ধন থাকলেও থামছে না প্রতারণা

মুঠোফোনের সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের উদ্দেশ্য ছিল ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করা এবং অপরাধ সংঘটিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত করা। কিন্তু এই ব্যবস্থা চালুর পরও সিম ব্যবহার করে প্রতারণা বন্ধ করা যায়নি।

পুলিশের সাইবার অপরাধ নিয়ে কাজ করা কর্মকর্তারা বলছেন, অনেক ক্ষেত্রে প্রতারণায় ব্যবহৃত সিমের নিবন্ধিত মালিককে শনাক্ত করা গেলেও প্রকৃত ব্যবহারকারীকে খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। একজনের নামে নিবন্ধিত সিম ব্যবহার করেন অন্য কেউ। একইভাবে প্রতারণার টাকা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের একাধিক হিসাবে সরিয়ে ফেলা হয়।

ডিবির সাইবার ইউনিটের যুগ্ম কমিশনার হারুন অর রশিদ বলেন, বায়োমেট্রিক নিবন্ধন পদ্ধতিতেও কিছু দুর্বলতা রয়েছে। তদন্তে দেখা যায়, অনেক সময় একজনের নামে নিবন্ধিত সিম অন্য ব্যক্তি ব্যবহার করছেন। এমনকি সিমের নিবন্ধিত মালিকও জানেন না, তাঁর নামে থাকা সিম প্রতারণার কাজে ব্যবহৃত হচ্ছে।

তিনি জানান, ভুয়া সিম উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাচ্ছে। চলতি বছর দুই দফা অভিযানে ২০ হাজার ও ৫০ হাজার ভুয়া সিম উদ্ধার করা হয়েছে।

প্রতারণা থেকে বাঁচতে পুলিশের পরামর্শ

ডিবির সাইবার ইউনিটের কর্মকর্তারা বলছেন, এ ধরনের প্রতারণা প্রতিরোধে অভিভাবকদের সতর্ক থাকা জরুরি। অপরিচিত নম্বর থেকে সন্তানকে গ্রেপ্তার বা আটকের খবর জানিয়ে টাকা দাবি করা হলে আতঙ্কিত হওয়া যাবে না।

প্রথমেই সন্তানের পরিচিত নম্বরে সরাসরি যোগাযোগ করতে হবে। ফোন বন্ধ থাকলে তাঁর সহকর্মী, বন্ধু কিংবা কাছের আত্মীয়ের সঙ্গে কথা বলে প্রকৃত ঘটনা যাচাই করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক বি এম মইনুল হোসেন ব্যক্তিগত তথ্য সুরক্ষায় সচেতন হওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত ব্যক্তিগত তথ্য প্রকাশ না করার পরামর্শ দিয়েছেন। তিনি গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে দ্বিস্তরবিশিষ্ট নিরাপত্তাব্যবস্থা বা টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখার কথাও বলেছেন।

পুলিশের পরামর্শ হলো, সন্তানের বিপদের কথা জানিয়ে কেউ টাকা দাবি করলে পরিচয় নিশ্চিত না হয়ে কোনো অর্থ পাঠানো যাবে না। কণ্ঠস্বর পরিচিত মনে হলেও সেটিকে পরিচয়ের চূড়ান্ত প্রমাণ হিসেবে বিবেচনা করা ঠিক হবে না।

সত্যিই কেউ মাদক বা অন্য কোনো অপরাধে আটক হলে সেটি আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করতে হবে। কাউকে টাকা দিয়ে ছাড়ানোর চেষ্টা করা উচিত নয়। সন্দেহজনক ফোনকল পেলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করে পুলিশের সহায়তা নিতে হবে।

প্রযুক্তির অপব্যবহার করে প্রতারণার এই নতুন কৌশল মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সতর্কতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
Theme Customized By BreakingNews