অপরাধ দমনে ‘ক্রসফায়ার’-এর মতো আইনবহির্ভূত পদ্ধতি ফিরিয়ে আনার বিষয়ে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) দেওয়া বক্তব্য সরকারকে বিব্রত ও চিন্তিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) এক প্রতিক্রিয়ায় রিজভী বলেন, দেশে অপরাধ দমনের জন্য পর্যাপ্ত প্রচলিত আইন রয়েছে। তাই আইনবহির্ভূত কোনো পদ্ধতি অনুসরণ না করে প্রচলিত আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমেই অপরাধ নিয়ন্ত্রণে কাজ করতে হবে।
তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন। সে পরিস্থিতিতে পুলিশের শীর্ষ কর্মকর্তার মুখ থেকে ক্রসফায়ার ফিরিয়ে আনার মতো বক্তব্য সাধারণ মানুষের মনে উদ্বেগ তৈরি করেছে এবং এটি সরকারের জন্য একটি বিব্রতকর ও ভীতিজনক পরিস্থিতির সৃষ্টি করেছে।
রিজভী আরও বলেন, গুম, খুন ও দুঃশাসনের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম করেই আইনের শাসন ও মানবিক পরিবেশ প্রতিষ্ঠার উদ্দেশ্যে পথ চলছে বিএনপি। তাই কোনো বেআইনি পদ্ধতি অনুসরণ করে আইনের শাসন নিশ্চিত করা সম্ভব নয়।
একই সঙ্গে দেশের যুবসমাজকে ঐক্যবদ্ধ থেকে উন্নয়নমূলক কাজে ভূমিকা রাখার আহ্বান জানান রিজভী। যুবদলের নেতাকর্মীরা যেন কোনো ধরনের টেন্ডারবাজি, চাঁদাবাজিতে না জড়ায় এবং সাধারণ মানুষের আতঙ্ক না হয়ে পাশে দাঁড়ায়, সেই বার্তাও নিশ্চিত করেন তিনি।
Leave a Reply