সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের অনুপস্থিতি, রোগীদের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে কমিশন গ্রহণ এবং চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় ব্যাপক অনিয়মের তথ্য উঠে এসেছে বাংলাদেশ হেলথ ওয়াচের (বিএইচডব্লিউ) এক গবেষণায়।
রোববার (ঢাকা) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রকাশিত সংস্থাটির ২০২৫-২৬ সালের দ্বিবার্ষিক প্রতিবেদনে দেশের স্বাস্থ্য খাতের অনিয়ম, দুর্নীতি ও দুর্বল ব্যবস্থাপনার নানা চিত্র তুলে ধরা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, আকস্মিক পরিদর্শনে সরকারি হাসপাতালের প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে পাওয়া যায়নি। অন্যদিকে, রোগীদের বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করানোর জন্য পাঠিয়ে চিকিৎসকদের একাংশ পরীক্ষার ফির ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন নেন।
গবেষণার অনুমান অনুযায়ী, দেশের বড় ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এ ধরনের কমিশন লেনদেনের পরিমাণ বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা হতে পারে। তবে এই হিসাব স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্য খাতের সরকারি কেনাকাটায়ও বড় ধরনের আর্থিক অনিয়মের তথ্য পাওয়া গেছে। কেন্দ্রীয় ঔষধাগরের (সিএমএসডি) কেনাকাটায় প্রায় ৪৫৯ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া প্রায় ২৮৩ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত অবস্থায় পড়ে থাকার তথ্য উঠে এসেছে। কোনো কোনো চিকিৎসা সরঞ্জাম বাজারমূল্যের তুলনায় ১৮ গুণ বেশি দামে কেনার নজিরও পাওয়া গেছে।
সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে রোগীদের বিভিন্ন ধরনের হয়রানি ও অনিয়মের শিকার হতে হচ্ছে। এর মধ্যে রয়েছে দালালের মাধ্যমে সেবা নিতে বাধ্য করা, শয্যা বরাদ্দ, হাসপাতাল থেকে ছাড়পত্র এবং বিভিন্ন চিকিৎসাসেবা দেওয়ার বিনিময়ে অবৈধ অর্থ আদায়।
প্রতিবেদনে এমন একটি ঘটনার উল্লেখ করা হয়েছে, যেখানে অস্ত্রোপচারের তারিখ নির্ধারণ করে দেওয়ার আশ্বাস দিয়ে এক বৃদ্ধ রোগীর কাছ থেকে পাঁচ হাজার টাকা নেন হাসপাতালের এক ওয়ার্ডবয়। অথচ সংশ্লিষ্ট ওয়ার্ডে অস্ত্রোপচারের কোনো ব্যবস্থাই ছিল না। পরবর্তী সময়ে ওই কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে অন্যত্র বদলি করা হয়।
সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের অনুপস্থিতিকে স্বাস্থ্যসেবার অন্যতম বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছে গবেষণাটি।
আকস্মিক পরিদর্শনে প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে পাওয়া যায়নি। অন্য একটি গবেষণায় প্রত্যন্ত অঞ্চলের কয়েকটি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের অনুপস্থিতির হার ৭০ শতাংশের বেশি পাওয়া গেছে।
দায়িত্ব পালন না করেও সরকারি বেতন-ভাতা গ্রহণের বিষয়টিও প্রতিবেদনে উঠে এসেছে। পাশাপাশি স্বাস্থ্য খাতের ১ লাখ ৮০ হাজারের বেশি কর্মীর নিয়োগ, বদলি ও পদোন্নতিতে রাজনৈতিক প্রভাব এবং কাগজনির্ভর ব্যবস্থাপনার দুর্বলতা চিহ্নিত করা হয়েছে।
স্বাস্থ্য খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও জবাবদিহি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হেলথ ওয়াচ।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) প্রায় ৯০ জন সদস্যের মধ্যে ৭০ জনই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট। পর্যালোচনা করা ছয়টি নিয়ন্ত্রক সংস্থার কোনোটিতেই রোগী বা সাধারণ মানুষের কার্যকর প্রতিনিধিত্ব নেই।
চিকিৎসায় অবহেলার অভিযোগ নিষ্পত্তিতেও দীর্ঘসূত্রতা দেখা গেছে। ২০১০ সাল থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত বিএমডিসিতে মোট ১৭২টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে ৭৯টি অভিযোগ এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। মাত্র ২৯টি ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
দেশে মেডিকেল কলেজের সংখ্যা বাড়লেও শিক্ষার মান নিশ্চিত করার পর্যাপ্ত ব্যবস্থা গড়ে ওঠেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০১০ সালে দেশে মেডিকেল কলেজের সংখ্যা ছিল ৬২টি। ২০২২-২৩ সালে তা বেড়ে ১১৮টিতে দাঁড়ায়। তবে এই সম্প্রসারণের সঙ্গে তাল মিলিয়ে মান নিয়ন্ত্রণ ও তদারকিব্যবস্থার যথাযথ উন্নয়ন হয়নি।
স্বাস্থ্য খাতে অনিয়ম ও দুর্নীতি কমাতে বেশ কয়েকটি কাঠামোগত সংস্কারের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ হেলথ ওয়াচ।
প্রতিবেদনে চিকিৎসকদের রোগীদের নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টার বা চিকিৎসাপ্রতিষ্ঠানে পাঠানোর বিনিময়ে কমিশন গ্রহণ আইনত নিষিদ্ধ করার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে চিকিৎসকদের আর্থিক সম্পর্কের তথ্য প্রকাশ বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে।
চিকিৎসায় অবহেলার অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং ক্ষতিগ্রস্ত রোগীদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনি কাঠামো তৈরির সুপারিশও করা হয়েছে।
এ ছাড়া স্বাস্থ্যকর্মীদের নিয়োগ, বদলি ও পদোন্নতিতে ডিজিটাল মানবসম্পদ তথ্যব্যবস্থা চালু, প্রত্যন্ত অঞ্চলে কর্মরত স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রণোদনা এবং সরকারি কেনাকাটার সব তথ্য জনসমক্ষে প্রকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
চিকিৎসা সরঞ্জাম কেনা থেকে শুরু করে ব্যবহার পর্যন্ত প্রতিটি পর্যায়ে জবাবদিহি নিশ্চিত করা এবং দুর্নীতির তথ্য প্রকাশকারীদের সুরক্ষা দেওয়ার সুপারিশ করেছে সংস্থাটি।
নিয়ন্ত্রক সংস্থাগুলোর স্বাধীনতা নিশ্চিত করতে মন্ত্রী, সচিব ও সংসদ সদস্যদের এসব প্রতিষ্ঠানের প্রধান হওয়ার সুযোগ বন্ধ করার পাশাপাশি রোগী ও সাধারণ মানুষের প্রতিনিধিত্ব এবং স্বাধীন আপিলব্যবস্থা প্রতিষ্ঠার প্রস্তাবও দেওয়া হয়েছে।
প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে আইসিডিডিআর,বির ইমেরিটাস বিজ্ঞানী ও প্রতিবেদনের সম্পাদক ডা. শামস এল আরেফিন বলেন, স্বাস্থ্য খাতে দুর্নীতির পেছনে দুর্বল সুশাসন, জবাবদিহি ছাড়া অতিরিক্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, স্বার্থের সংঘাত নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং তদারকিব্যবস্থার সমন্বয়হীনতা কাজ করছে।
তিনি আরও বলেন, শুধু আইন প্রয়োগ করে দুর্নীতি দূর করা সম্ভব নয়। সততা ও নৈতিকতাকে প্রাতিষ্ঠানিক সংস্কৃতির অংশ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।
অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দেওয়াই সমস্যার একমাত্র সমাধান নয়। স্বাস্থ্য খাতের সামগ্রিক কাঠামোতে সংস্কার আনতে হবে। আর্থিক অনিয়ম ও দরপত্রে কারসাজির পাশাপাশি বিশেষ গোষ্ঠীর স্বার্থে নীতি ও কৌশল প্রভাবিত করাও দুর্নীতির অংশ।
১৯১ পৃষ্ঠার এই প্রতিবেদনে ১৭ জন গবেষকের লেখা ১১টি অধ্যায় রয়েছে। প্রতিবেদনটি সম্পাদনা করেছেন বাংলাদেশ হেলথ ওয়াচের আহ্বায়ক ডা. আহমেদ মুশতাক রাজা চৌধুরী এবং ডা. শামস এল আরেফিন। প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছে সুইডেন দূতাবাস ও সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপারেশন এজেন্সি (সিডা)।
Leave a Reply