শ্রমিকদের মজুরি ও বিভিন্ন দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী মোড়ে আয়োজিত এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।
পথসভায় প্রধানমন্ত্রী বলেন, গত পাঁচ দশকে দেশে গড়ে ওঠা শিল্পকারখানাগুলো বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস। এসব শিল্পপ্রতিষ্ঠানে লাখ লাখ নারী ও শ্রমজীবী মানুষ কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। শিল্পকারখানাগুলো দেশের সম্পদ এবং সাধারণ মানুষের জীবিকার গুরুত্বপূর্ণ ভিত্তি। তাই কোনো শ্রমিকেরই নিজের কর্মস্থল ও জীবিকার ক্ষতি করা উচিত নয়।
তিনি অভিযোগ করেন, একটি মহল গত ১৫-১৬ বছরে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে ব্যর্থ হয়েছে। বরং তারা মানুষের ভোটাধিকার হরণ করেছে এবং দেশের অর্থ-সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ওই মহল এখন সীমান্তের ওপার থেকে কলকাঠি নেড়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।
শ্রমিকদের মজুরি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ে সরকার অবগত রয়েছে। এসব দাবি পর্যালোচনা ও বিবেচনার জন্য ইতিমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং বোর্ড কাজ শুরু করেছে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে নতুন নিম্নতম মজুরি নির্ধারণ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও ন্যায্য মজুরি নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।








একটি উত্তর দিন