ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে কোনো পাসপোর্ট দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার রায় হয়েছে এবং তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তাই বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে চায় সরকার।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতকে বাংলাদেশের অবস্থান স্পষ্টভাবে জানানো হয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাকে হস্তান্তরের দাবি জানিয়েছে বাংলাদেশ।
এদিকে, ভারত থেকে বাংলাদেশে ফেরার প্রস্তুতি হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। সোমবার (৯ নভেম্বর) নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে তার আইনজীবীরা এ বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা ওই চিঠি থেকে আবেদন করার বিষয়টি জানা গেছে। শেখ হাসিনার আইনজীবীদের পক্ষে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠান।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর এবারই প্রথম নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য বাংলাদেশ হাইকমিশনে আনুষ্ঠানিক আবেদন করলেন তিনি।
তবে শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যে সরকারের কঠোর অবস্থানের বিষয়টি সামনে এসেছে। ফলে তার দেশে ফেরা এবং পাসপোর্ট সংক্রান্ত আবেদন নিয়ে নতুন করে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনা তৈরি হয়েছে।
একটি উত্তর দিন