রাজধানী ঢাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৬৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ককটেল, পেট্রোল বোমা, গান পাউডারসহ বিপুল পরিমাণ মাদক ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে। এসব ঘটনার প্রেক্ষিতে ডিএমপির সংশ্লিষ্ট থানাগুলোতে মোট ৬৪টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা শহরের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের বিভিন্ন বিভাগ নিয়মিত এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতদের মধ্যে সর্বোচ্চ ১৩১ জন মিরপুর বিভাগ থেকে এবং ৮০ জন তেজগাঁও বিভাগ থেকে আটক হন। এ ছাড়া মতিঝিল বিভাগে ৬৪ জন, ওয়ারী বিভাগে ৫৬ জন, লালবাগ বিভাগে ৪৬ জন, রমনা বিভাগে ৩০ জন, গুলশান বিভাগে ২৯ জন, উত্তরা বিভাগে ২২ জন এবং গোয়েন্দা বিভাগের অভিযানে ৮ জন গ্রেফতার হন।
অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা বাহিনী ১৩টি ককটেল, ৯টি পেট্রোল বোমা, ৯৫০ গ্রাম গান পাউডার, ১৭টি বিস্ফোরিত ককটেলের অবশিষ্টাংশ এবং বিস্ফোরিত পেট্রোল বোমার খণ্ডাংশ উদ্ধার করে। সেই সঙ্গে মাদকের বিরুদ্ধে অভিযানে ৩ হাজার ৮১ পিস ইয়াবা, ২৪ ক্যান বিয়ার এবং ২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এ ছাড়া ১টি বাস, ৫টি মোটরসাইকেল, ১৪টি মোবাইল ফোন উদ্ধারসহ এক ভিকটিমকে মুক্ত করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
একটি উত্তর দিন