ভৌতিক আবহের সিনেমা ‘আন্ধার’ নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হলেও নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না সিনেমাটি। রায়হান রাফি পরিচালিত ছবিটির মুক্তি প্রায় পাঁচ মাস পিছিয়ে আগামী বছরের ২৬ মার্চ নির্ধারণ করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নতুন মুক্তির তারিখের বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা রায়হান রাফি। তিনি জানান, সিনেমাটির ভিএফএক্সসহ পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ করতে আরও কিছুটা সময় প্রয়োজন। ১৬ অক্টোবর ছবিটি মুক্তি দেওয়া সম্ভব হলেও তাড়াহুড়ো করে কাজ শেষ করতে গেলে কাঙ্ক্ষিত মান ধরে রাখা কঠিন হতে পারে বলে মনে করছেন তিনি।
নির্মাতার ভাষ্য, ‘আন্ধার’ তার দীর্ঘ ক্যারিয়ারে সবচেয়ে বেশি সময় নিয়ে এবং যত্নসহকারে নির্মাণ করা কাজগুলোর একটি। দর্শকদের সামনে ভিন্নধর্মী অভিজ্ঞতা তুলে ধরতেই সিনেমাটির নির্মাণে বাড়তি সময় দেওয়া হচ্ছে।
নতুন মুক্তির তারিখ হিসেবে ২৬ মার্চ বেছে নেওয়ার কারণও ব্যাখ্যা করেছেন রাফি। অক্টোবরের নির্ধারিত তারিখ থেকে সরে আসার পর ফের যাতে মুক্তির তারিখ পরিবর্তনের প্রয়োজন না হয়, সে বিষয়টি বিবেচনায় রেখেই স্বাধীনতা দিবসের দিনটিকে বেছে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
‘আন্ধার’-এর মূল গল্প লিখেছেন শাকিব চৌধুরী ও বেজবাবা সুমন। চিত্রনাট্য তৈরি করেছেন তাদের সঙ্গে আদনান আদিব খান। সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার ও তানজিকা আমিন।
এ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে ফররুখ আহমেদ রেহান ও স্বর্ণালী চৈতির। এখন ২৬ মার্চের মুক্তিকে সামনে রেখে বাকি কাজ শেষ করার প্রস্তুতি নিচ্ছে ‘আন্ধার’ টিম।
একটি উত্তর দিন