রাজধানীর কদমতলী থানাধীন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৮ নং ওয়ার্ড বিএনপি’র দপ্তর সম্পাদক ফারুক আহমেদের একটি বিতর্কিত ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে তাঁকে মাদক সেবনরত অবস্থায় স্থানীয় জনতার হাতে অবরুদ্ধ হতে দেখা যায়। পরবর্তীতে তাঁর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ফারুক আহমেদ দীর্ঘদিন ধরে এলাকায় নানা অসামাজিক ও অবৈধ কর্মকাণ্ডের সাথে যুক্ত। ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এলাকার সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করেছেন তিনি। এছাড়া বিভিন্ন সময় নিজেকে ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) পুলিশের পরিচয় দিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে আটক ফারুক আহমেদ জানান, তিনি ৫৮ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সেলিম রেজার অনুসারী হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন।
ঘটনাটি ছড়িয়ে পড়ার পর থেকে এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত ফারুক আহমেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
একটি উত্তর দিন