অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে হাই কোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে। বৃহস্পতিবার বেলা আড়াইটায় আপিলের শুনানি হওয়ার কথা রয়েছে। শুনানির জন্য বেলা ১১টার দিকে স্পেশাল চেম্বার জজের কাছ থেকে বিশেষ অনুমতিও নেওয়া হয়েছে।
অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও আপিল করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইনজীবী কাজী জয়নাল আবেদীন। তিনি বলেন, রিট আবেদনের মূল ভিত্তি ছিল যে বিষয়টি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বুধবার প্রস্তাবের মাধ্যমে সেই নিয়ম পরিবর্তন করেছে। ফলে এটিই আপিলের অন্যতম প্রধান যুক্তি।
এ ছাড়া রিট আবেদনটির গ্রহণযোগ্যতা এবং আবেদনকারীর জনস্বার্থে মামলা করার আইনগত অধিকার নিয়েও প্রশ্ন তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী। তাঁর দাবি, যেসব শিক্ষার্থীর স্বার্থ বিবেচনায় নিয়ে রিট করা হয়েছে, তাঁদের মধ্যে সরাসরি ক্ষতিগ্রস্ত কোনো পরীক্ষার্থীই মামলার পক্ষ নন।
কাজী জয়নাল আবেদীনের মতে, গুটিকয়েক শিক্ষার্থীর সম্ভাব্য সুবিধার জন্য বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের ভর্তি নীতিমালা পরিবর্তন করা হলে উচ্চশিক্ষার অপেক্ষায় থাকা বৃহত্তর শিক্ষার্থীসমাজের স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে। তিনি আরও বলেন, এইচএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য হওয়ার পর পুনঃপরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ার বিষয়টিও অনিশ্চিত।
তিনি মনে করেন, বিষয়টি আদালতের পরিবর্তে প্রশাসনিকভাবেও সমাধান করা সম্ভব ছিল।
এর আগে বুধবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দেন।
একই সঙ্গে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন পোর্টাল চালু রাখা এবং যেসব শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা এখনো সম্পন্ন হয়নি, তাঁদের শর্তসাপেক্ষে আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
আইনজীবী কামরুন নাহার মাহমুদের করা রিট আবেদনে উল্লেখ করা হয়, এইচএসসি পরীক্ষায় প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন। সরকার এক মাসের মধ্যে তাঁদের পুনঃপরীক্ষা নিয়ে ২৩ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। তাই ভর্তি পরীক্ষার সময় ২৫ দিন পিছিয়ে দিলে এসব শিক্ষার্থীও বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
রিট আবেদনকারী আইনজীবী কামরুন নাহার মাহমুদ জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুযায়ী আগামী ১ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বিশ্ববিদ্যালয়গুলো সেই নির্দেশনা অনুসরণ করেনি। এ কারণেই আদালতের দ্বারস্থ হন তিনি।
এখন সরকার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের করা আপিলের শুনানিতে হাই কোর্টের আদেশ বহাল থাকবে, নাকি পরিবর্তন হবে—সেদিকেই নজর সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের।
একটি উত্তর দিন