ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আওতাধীন ৫৩ নম্বর ওয়ার্ডের প্রস্তাবিত আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে বিপুল অঙ্কের আর্থিক লেনদেন এবং পদ-বাণিজ্যের মারাত্মক অভিযোগ উঠে এসেছে। স্থানীয় একাধিক সূত্র ও তৃণমূল নেতাদের দাবি, বছরের পর বছর কারাভোগ ও জেল-জুলুম সহ্য করা ত্যাগী নেতাদের হটিয়ে অর্থের বিনিময়ে বিএনপি পরিবারের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের ক্ষমতার শীর্ষ পদে বসানোর পায়তারা চলছে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব আলহাজ্জ তানভীর আহমেদ রবিন এর বিশেষ সহকারি জাফর হোসেন বর্তমান ৫৩ নাম্বার ওয়ার্ড এর প্রস্তাবিত সদস্য সচিব রিপনের আপন বড় ভাই এবং আওয়ামীলীগ পরিবারের যতগুলো মামলা হয়েছে সবগুলোতেই এ জাফর নিজে থেকে থানার ওসি এসি সবাইকে নিয়ে অভিযান করেছে বাড়ি বাড়ি গিয়ে।
বিএনপি পরিবার ও মামলা-তালিকার সাথে সম্পৃক্ততার অভিযোগ:
সংবাদ অনুসন্ধানে জানা যায়, প্রস্তাবিত কমিটিতে সদস্য সচিব পদে শক্ত অবস্থানে রাখা হয়েছে রিপন হোসেন নামের এক বিতর্কিত ব্যক্তিকে। পারিবারিক রাজনৈতিক পরিচয় বিশ্লেষণে দেখা যায়, তার পরিবারের অন্য সদস্যরা বিএনপিতে প্রভাবশালী পদে রয়েছেন। তথ্যমতে, রিপন হোসেনের বড় ভাই জাফর আহমেদ কদমতলী থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, যিনি ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের ঘনিষ্ঠ সহকারী। অভিযোগ রয়েছে, ৫ই আগস্টের পরবর্তী সময়ে ৫৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হওয়া মামলা ও হামলার জন্য তালিকার খসড়া তৈরি করে জাফর আহমেদই তানভীর আহমেদ রবিনের কাছে পৌঁছে দিয়েছিলেন।
এছাড়া, সম্প্রতি যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ‘পেডি শহীদ’-এর ছোট ভাইয়ের শোকসভায় উপস্থিত থাকতে দেখা যায় রিপন হোসেনকে। যেখানে বক্তব্য রাখেন ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির কাউন্সিলর পদপ্রার্থী তরিকুল ইসলাম পলাশ (দপ্তর সম্পাদক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ঢাকা মহানগর দক্ষিণ)। এই ধরনের একটি কর্মসূচিতে আ.লীগের ওয়ার্ড সদস্য সচিব পদের শীর্ষ পদপ্রার্থীর প্রকাশ্য উপস্থিতি স্থানীয় সাধারণ নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।
বঞ্চিত রাজপথের ত্যাগী নেতৃত্ব:
ওয়ার্ডের তৃণমূল নেতাকর্মীরা প্রথমে সাবেক ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান মামুনকে সদস্য সচিব পদে প্রস্তাব করেছিলেন। যিনি ৫ই আগস্ট-পরবর্তী কঠিন পরিস্থিতিতেও দলীয় কর্মসূচিতে যুক্ত ছিলেন এবং রাজপথে সোচ্চার ভূমিকা রেখেছিলেন। কিন্তু অভিযোগ উঠেছে, আর্থিক সুবিধার বিনিময়ে শেষ মুহূর্তে ত্যাগী নেতা মাহমুদুল হাসান মামুনকে বাদ দিয়ে রিপন হোসেনের নাম চূড়ান্ত তালিকায় তোলা হয়।
স্থানীয়দের দাবি, এই অনৈতিক রদবদলের নেপথ্যে মূল কারিগর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। তৃণমূলের মাঠপর্যায়ের নেতাকর্মীরা ব্যাঙ্গাত্মকভাবে তাকে “দরবেশ” বা “সুফী” আখ্যা দিয়ে তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রকাশ করছেন।
বিদেশে অবস্থানরত নেতাদের ‘মাসোহারা’ কালচার:
দলের অভ্যন্তরীণ সূত্রের ভাষ্যমতে, রাজনৈতিক পটপরিবর্তনের পর শীর্ষ পর্যায়ের অনেক নেতা বর্তমানে ভারতে আত্মগোপনে আছেন। বিদেশে বিলাসী জীবনযাপন ও তাদের দৈনন্দিন আর্থিক চাহিদা মেটাতেই এই ‘কমিটি বাণিজ্য’ প্রথা শুরু হয়েছে।
ক্ষুব্ধ এক তৃণমূল কর্মী আক্ষেপ করে বলেন, “আমরা রাজপথে রক্ত দিয়েছি, জেল খেটেছি, কিন্তু নেতাদের দেওয়ার মতো টাকা আমাদের নেই। সোজা হিসাব—টাকা দিলে পদ মিলবে, যোগ্যতা আর ত্যাগের কোনো দাম নেই।”
অর্থের দাপটে রাজপথের পরীক্ষিত নেতাকর্মীদের বঞ্চিত করে বিএনপি পরিবারের সদস্যকে নেতৃত্বের শীর্ষ স্থানে তুলে দেওয়ার এই ঘটনার কেন্দ্র করে শ্যামপুর ও কদমতলী এলাকার রাজনীতিতে চরম উত্তেজনা ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।
একটি উত্তর দিন