1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
রিমান্ডে জিজ্ঞাসাবাদেও নীরব এসপি জাহাঙ্গীর, টেক্সট বার্তা নিয়ে এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন গ্রেপ্তারের ভয় দেখিয়ে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, কণ্ঠ নকলে এআই স্বাস্থ্য খাতে দুর্নীতির ভয়াবহ চিত্র, ৪০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে বড় ফাটল, নেতানিয়াহুর ওপর বাড়ছে চাপ হরমুজ প্রণালির পূর্বে নৌ-মাইনে আঘাত, আগুনে অচল তেলের ট্যাংকার সংসদ সদস্য মাহমুদা মিতুকে হত্যার হুমকি, ফোন ও হোয়াটসঅ্যাপে বার্তা শাপলা চত্বর মামলা: ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির অস্থিরতার মুখে গোপালগঞ্জের ডিসি ও এসপি বদলি, মোতায়েন আরও ৩ প্লাটুন বিজিবি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে ডেসিম্বরকে ঘিরে বড় কোনো নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

জলবায়ু সংকট মোকাবিলায় পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২৫ সময় দৃশ্য

আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দ, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ ত্রাণ, প্রযুক্তি হস্তান্তর এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে সহায়তার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য নতুন করে ঋণের বোঝা না বাড়িয়ে অনুদান ও নির্ভরযোগ্য আর্থিক সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। একই সঙ্গে জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচ দফা জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে এসব প্রস্তাব তুলে ধরেন তিনি।

জলবায়ু অর্থায়নে পাঁচ দফা প্রস্তাব

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন ব্যবস্থা উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির পাশাপাশি ক্রমবর্ধমান ঋণ পরিশোধের চাপ এসব দেশের অর্থনীতিকে আরও সংকটের মুখে ফেলছে।

এ পরিস্থিতি মোকাবিলায় ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির আলোকে পাঁচটি প্রস্তাব দেন তিনি।

প্রস্তাবগুলো হলো—

১. অভিযোজন খাতে অর্থায়ন: আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের অগ্রাধিকার অনুযায়ী অভিযোজন কার্যক্রমে বরাদ্দ করতে হবে। পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর উদ্যোগেও সহায়তা দিতে হবে।

২. ঋণ ত্রাণ সুবিধা: জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’-এর মতো কার্যকর ঋণ ত্রাণ ব্যবস্থা চালু করতে হবে।

৩. প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার: পরিবেশবান্ধব ও আধুনিক জলবায়ু প্রযুক্তিতে উন্নয়নশীল দেশগুলোর ন্যায্য প্রবেশাধিকার এবং প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত করতে হবে।

৪. নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর: সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে হবে।

৫. ন্যায্য জ্বালানি রূপান্তর: কপ-৩১ সম্মেলনে ন্যায্য অর্থায়ন ও বাণিজ্যের ভিত্তিতে জ্বালানি রূপান্তর নিশ্চিত করতে ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করতে হবে।

২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে

ভাষণে বাংলাদেশের জলবায়ু সহনশীল উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

প্যারিস জলবায়ু চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নেট জিরো নির্গমনের লক্ষ্যে কাজ চলছে। বিশেষ কর প্রণোদনার মাধ্যমে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও উৎসাহ দেওয়া হচ্ছে।

তিনি জানান, বাংলাদেশে প্রায় ৩০০টি লিড সনদপ্রাপ্ত তৈরি পোশাক কারখানা রয়েছে। সবুজ শিল্পের প্রসার, বৈদ্যুতিক যানবাহন চালু, পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলা এবং পাটজাত ব্যাগের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া কার্বন ট্রেডিংয়ের জন্য জাতীয় কাঠামো তৈরির কাজও চলছে।

পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ মাস্টার প্ল্যান বাস্তবায়নের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি হ্রাস, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানোর লক্ষ্য রয়েছে।

এ ছাড়া উপকূলীয় পুনরুদ্ধারকৃত জমিতে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে।

জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশ, তবু উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ

প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি বাংলাদেশ। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম।

এই বাস্তবতা সত্ত্বেও এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার মনে করে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষা পরস্পরের পরিপূরক। তাই শিল্পায়ন ও উন্নয়ন কার্যক্রমে প্রকৃতি সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখা জরুরি।

নারী ও তরুণদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমন কমিয়ে তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্য অর্জনে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান তিনি।

কপ-৩১ আয়োজনের জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি সম্মেলনের আলোচনা প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য অস্ট্রেলিয়ার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভাষণের শেষাংশে তিনি বলেন, কপ-৩১ থেকে অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী সিদ্ধান্ত আসা প্রয়োজন। বিশেষ করে জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।

প্রতিশ্রুতির বাস্তবায়ন, বৈশ্বিক সংহতি জোরদার এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে