বিএনপি গণঅভ্যুত্থান ও গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার সকালে গাইবান্ধা জেলা পরিষদ হলরুমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার গায়ের জোরে ক্ষমতায় রয়েছে এবং অতীতেও জোরপূর্বক ক্ষমতায় থাকা কোনো শক্তি টিকে থাকতে পারেনি। আগামী ৫ বছর তাদের টিকে থাকতে হলে অবশ্যই গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এনসিপি সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানান নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকে যারা দেশ ও সংস্কারের কথা না ভেবে কেবল নিজেদের চেয়ার ও ক্ষমতার কথা ভেবেছে, তারাই মূলত জাতীয় অনৈক্য তৈরি করেছে। তিনি আরও দাবি করেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র আন্দোলন নানা পদক্ষেপ নিলেও বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে এবং দলটির সঙ্গে তাদের একটি সমঝোতা রয়েছে। জিয়াউর রহমানের ভুল রাজনীতির ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, অতীতে এই ভুলের মাসুল বিএনপিকে দিতে হয়েছে এবং বর্তমান অবস্থান থেকে সরে না আসলে ভবিষ্যতেও এর পরিণতি ভোগ করতে হবে। এ সময় তার সঙ্গে ড. আতিক মুজাহিদ এমপি, ডা. মো. কামরুল ইসলাম দর্পণ ও মো. মোশারফ হোসাইনসহ দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
একটি উত্তর দিন