ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল এবার বড় ধরনের ব্যবসায়িক ও আর্থিক সংকটের মুখে পড়েছেন। শত শত কোটি টাকার ব্যাংকঋণ, শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া এবং শ্রমিকদের কর্মসংস্থান নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এর মধ্যেই ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা পাওনা আদায়ের দাবিতে অনন্ত জলিল ও তার প্রথম স্ত্রী খাদিজা পারভীনের কাছে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)।
ব্যাংক সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৮ আগস্ট এবি অ্যাপারেলস লিমিটেডের ২৬৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার মেয়াদি ঋণ পুনঃতফসিল করা হয়েছিল। পরবর্তী সময়ে ঋণের একটি অংশ পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে ২০২৬ সালের ১৮ অক্টোবর ব্যাংককে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার একটি চেক দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অনন্ত জলিল।
তবে গত ২ নভেম্বর ব্যাংক হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়। এ ঘটনার পর পাওনা টাকা আদায়ে আইনি পদক্ষেপের উদ্যোগ নেয় ব্যাংক কর্তৃপক্ষ।
আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে পাওনা অর্থ পরিশোধ না করলে অনন্ত জলিল ও খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ও ১৪০ ধারার কথা উল্লেখ করা হয়েছে।
ব্যাংকের আইনি নোটিশ পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন অনন্ত জলিল। গণমাধ্যমকে তিনি জানান, করোনা মহামারির সময় ব্যবসায়িক কার্যক্রম ও কাজের সংকট থাকলেও কারখানার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের জন্য প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিতে হয়েছিল।
দীর্ঘ সময় ধরে ঋণের সুদ জমতে থাকায় বর্তমানে দেনার পরিমাণ অনেক বেড়েছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ব্যাংকের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তিনি।
ব্যবসায়িক সংকটের মধ্যেই নতুন করে বিপাকে পড়েছে অনন্ত জলিলের মালিকানাধীন এজেআই গ্রুপ। গ্যাস বিল বকেয়া এবং গ্যাস চুরির অভিযোগে প্রতিষ্ঠানটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
ফলে শিল্পপ্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক উৎপাদন কার্যক্রম পরিচালনা আরও কঠিন হয়ে পড়েছে। একের পর এক সমস্যায় প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
এজেআই গ্রুপের মাধ্যমে তৈরি পোশাকশিল্পে ব্যবসা শুরু করেছিলেন অনন্ত জলিল। সময়ের সঙ্গে গড়ে তোলেন একাধিক শিল্পপ্রতিষ্ঠান। ২০১০ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করার পর স্ত্রী অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষাকে নিয়ে অভিনয় করেন ‘খোঁজ-দ্য সার্চ’ সিনেমায়। পরবর্তী সময়ে বর্ষাকে ব্যবস্থাপনা পরিচালক করে প্রতিষ্ঠা করেন এবি অ্যাপারেলস লিমিটেড।
ঘনিষ্ঠ সূত্রের দাবি, ব্যবসা টিকিয়ে রাখতে দেশি-বিদেশি বিনিয়োগকারী ও অংশীদার খুঁজেছেন অনন্ত জলিল। এ নিয়ে কয়েকজন চীনা উদ্যোক্তার সঙ্গেও আলোচনা হয়েছে। পাশাপাশি কারখানাগুলো ভাড়া দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছিল। কিন্তু কোনো উদ্যোগ থেকেই এখন পর্যন্ত প্রত্যাশিত সাফল্য আসেনি।
চলচ্চিত্রে সময় দেওয়ার কারণে ব্যবসায়িক সাম্রাজ্যে এই সংকট তৈরি হয়েছে কি না, এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি অনন্ত জলিল। তার মতে, করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন বৈশ্বিক ও ব্যবসায়িক প্রতিকূলতার কারণে প্রতিষ্ঠানগুলো আর্থিক সংকটে পড়েছে।
একসময় তৈরি পোশাকশিল্পে বড় পরিসরে ব্যবসা পরিচালনা করা অনন্ত জলিলের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ব্যাংকঋণের বোঝা সামলানো, শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরায় সচল করা এবং কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের জন্য নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা।
সব মিলিয়ে, অনন্ত জলিলের ব্যবসায়িক সাম্রাজ্যের ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে ব্যাংকের সঙ্গে সমঝোতা, নতুন বিনিয়োগ এবং আর্থিক সংকট কাটিয়ে ওঠার ওপর।
Leave a Reply