হরমুজ প্রণালির পূর্ব দিকে সাগরে নৌ-মাইনের আঘাতে আগুন ধরে গেছে একটি বাণিজ্যিক তেলবাহী ট্যাংকারে। বিস্ফোরণের পর জাহাজটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বলে জানিয়েছে ইরানের নৌবাহিনী।
সোমবার (১৬ নভেম্বর) সকালে একটি নিষিদ্ধ সামুদ্রিক এলাকায় প্রবেশের পর ট্যাংকারটি মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। ইরানের নৌবাহিনীর জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, জাহাজটির অবস্থান শনাক্ত করার ব্যবস্থা বন্ধ রাখা এবং অনুমতি ছাড়া নিষিদ্ধ ও ঝুঁকিপূর্ণ সামুদ্রিক এলাকায় প্রবেশের কারণে এ ধরনের বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ ধরনের এলাকায় চলাচলকারী জাহাজগুলো গুরুতর নিরাপত্তাঝুঁকির মুখে পড়তে পারে বলেও সতর্ক করেছে নৌবাহিনী।
তবে ক্ষতিগ্রস্ত ট্যাংকারটির নাম-পরিচয়, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না কিংবা জাহাজটির ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি ইরান।
এদিকে, হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে এ ঘটনার পর গুরুত্বপূর্ণ এই নৌপথে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হওয়ায় এ অঞ্চলে যেকোনো নিরাপত্তা পরিস্থিতি তেল সরবরাহ ও বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে।
Leave a Reply