বিনোদন ও ডিজিটাল কনটেন্ট অঙ্গনের পরিচিত মুখ, জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির আবারও দেশ ছাড়ার পরিকল্পনা ও বাংলাদেশে স্থায়ী না হওয়া নিয়ে খোলামেলা মন্তব্য করে আলোচনায় এসেছেন। একাধিক সংবাদ মাধ্যম ও সাম্প্রতিক সাক্ষাৎকারে সালমান মুক্তাদির স্পষ্ট জানান, বাংলাদেশে দীর্ঘমেয়াদে থাকার ইচ্ছে তাঁর আগেও ছিল না, এখনও নেই এবং ভবিষ্যতেও তিনি এখানে স্থায়ী হতে চান না।
তিনি জানান, এ দেশে স্থায়ী না হয়ে বিদেশে পাড়ি জমানোর পরিকল্পনাটি কোনো আবেগপ্রবণ বিষয় নয়, বরং এটি তাঁর দীর্ঘদিনের বাস্তবভিত্তিক পরিকল্পনারই অংশ।
নিজের এই সিদ্ধান্ত ও চিন্তাভাবনা প্রসঙ্গে সালমান মুক্তাদির বলেন, “আমি বাংলাদেশ ছেড়ে চলে যাব—এটাই আমার পরিকল্পনা। ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল বাইরে যাওয়ার। বাস্তবিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে দেখা যায়, বিদেশের জীবনযাত্রার মান, পরিবেশ, নিরাপত্তা ও পরিবার বড় করার উপযোগী আবহ অনেক সুশৃঙ্খল।”
তিনি আরও স্পষ্ট করেন যে, বিদেশে পাড়ি জমাবার পর দেশ বা দেশের রাজনীতি ও বিভিন্ন ইস্যু নিয়ে তাঁর কোনো বক্তব্য থাকবে না। এ বিষয়ে তিনি বলেন, “আমি এখন বাংলাদেশ নিয়ে কথা বলি কারণ আমি এ দেশে থাকি। কিন্তু যখন আমি দেশে থাকব না, তখন দেশের কোনো বিষয়ে কথা বলার অধিকার আমার থাকবে না এবং আমি তা বলবও না।” তবে দেশের বাইরে থেকেও যদি কোনোভাবে দেশের ইতিবাচক বা ভালো কিছু করার সুযোগ থাকে, তবে তিনি তা করবেন বলে জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে সালমান মুক্তাদিরের এই সরাসরি বক্তব্য ভক্ত ও নেটিজেনদের মধ্যে নতুন করে আলোচনা ও চর্চার জন্ম দিয়েছে।
Leave a Reply