দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা এবার পর্দায় হাজির হচ্ছেন সম্পূর্ণ নতুন ও চমকপ্রদ এক অবতারে। যেখানে একদিকে তিনি সাধারণ বিষয়েও আতঙ্কিত এক ভীতু পুলিশ কর্মকর্তা, অন্যদিকে তিনিই আবার মহাশক্তিধর দেবী মুকুথি আম্মান। সম্প্রতি প্রকাশিত হয়েছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মুকুথি আম্মান ২’-এর চোখধাঁধানো ট্রেলার, যা ইতিমধ্যে দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
২০২০ সালে মুক্তিপ্রাপ্ত প্রশংসিত ছবিটির প্রথম কিস্তির সাফল্যের পর এবার আসছে এর সিক্যুয়াল। ট্রেলারে দেখা মিলছে দুই পৌরাণিক খলনায়কের চরিত্রে অভিনয় করা রেজিনা ক্যাসান্দ্রা ও দুনিয়া বিজয়ের, যারা পৃথিবীতে নেমে ধ্বংসযজ্ঞ চালাতে শুরু করে এবং নিরীহ মানুষের জীবন বিপন্ন করে তোলে। এই সংকটময় পরিস্থিতিতে আবির্ভূত হন নয়নতারার পুলিশ চরিত্রটি। তবে মজার ব্যাপার হলো, এই পুলিশ কর্মকর্তা মোটেও কোনো সাহসী চরিত্র নন; বরং ছোটখাটো বিষয়ে ভয় পাওয়া এবং একা ঘুমাতে না পারা এক সাধারণ মানুষ তিনি। পরবর্তীতে যখন দেবী মুকুথি আম্মানের আবির্ভাব ঘটে, তখন পুরো দৃশ্যপট পাল্টে যায় এবং দেবীর শক্তিশালী রূপে নয়নতারার অনবদ্য উপস্থিতি দর্শকদের মুগ্ধ করে। প্রখ্যাত পরিচালক সুন্দর সি-র চেনা জাঁকজমকপূর্ণ নির্মাণশৈলী ট্রেলারটিকে আরও জমজমাট করে তুলেছে।
আগামী ৬ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘মুকুথি আম্মান ২’। তবে বক্স অফিসে ছবিটিকে লড়তে হবে বেশ কিছু হেভিওয়েট সিনেমার সঙ্গে। একই সময়ে মুক্তি পাচ্ছে সূরিয়ার নতুন তামিল সিনেমা এবং সর্বভারতীয় মুক্তির অপেক্ষায় থাকা বহুল আলোচিত ‘রামায়ণ : পার্ট ১’।
উল্লেখ্য, ছবিটির প্রথম কিস্তিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্বেও ছিলেন আরজে বালাজি। তবে সিক্যুয়ালে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি এবং এবার পরিচালনার মূল দায়িত্ব নিয়েছেন সুন্দর সি। এই চলচ্চিত্রে নয়নতারার পাশাপাশি আরও অভিনয় করেছেন উর্বশী, যোগী বাবু, মাইনা নন্দিনী, গরুড়া রাম, অভিনয়া, শ্রুতি এস, সিঙ্গাপুলি আনাভি, ভি আর স্বামীনাথন, শিবকুমার এস, সুনীল বর্মা ইন্দুকুরি, বর্ষিণী ভেঙ্কট, পালা করুপ্পাইয়া, আনন্দ আদিষ্ট লক্ষ্মী, নিতিন সত্য ও দেবলীনা চাকির মতো তারকারা।
Leave a Reply