ইসরায়েলের সাম্প্রতিক নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করতে নতুন করে অনিয়মের অভিযোগ সামনে আনছে বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ। ভোটারদের উপস্থিতি পর্যবেক্ষণে স্মার্টফোন অ্যাপ ব্যবহারের অভিযোগ তুলে আদালতে আপিলের প্রস্তুতি নিচ্ছে দলটি। তবে এসব অভিযোগের সত্যতা ও নির্বাচনের ফলাফলে এর প্রভাব নিয়ে প্রশ্ন উঠেছে।
শনিবার (৭ নভেম্বর) টাইমস অব ইসরায়েলকে দেওয়া এক সাক্ষাৎকারে লিকুদের আইনজীবী ইলান বোমবাখ এ তথ্য জানান।
গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে আরব দলগুলো কারচুপির মাধ্যমে জয় পেয়েছে বলে অভিযোগ করে আসছেন নেতানিয়াহু ও তাঁর বিদায়ী জোটের নেতারা। নির্বাচনে আরব ভোটারদের ব্যাপক অংশগ্রহণের ফলে সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারায় নেতানিয়াহুর জোট। এরপর থেকেই ঘুষ, ভয়ভীতি প্রদর্শন, জালিয়াতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলছে লিকুদ।
বোমবাখের দাবি, নির্বাচনের দিন বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করা লিকুদের পর্যবেক্ষকেরা অভিযোগ করেছেন, আরব দলগুলোর কর্মীরা স্মার্টফোনের অ্যাপ ব্যবহার করে ভোটারদের উপস্থিতির তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণ করেছেন। এ ঘটনায় প্রায় ৭০০টি অভিযোগ জমা দেওয়া হয়েছে। তাঁর দাবি, প্রতিটি অভিযোগের সঙ্গে শত শত, এমনকি হাজার হাজার ভোটের বিষয় জড়িত।
লিকুদের অভিযোগ, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এ ধরনের কার্যক্রম চালানোর ফলে আরব দলগুলো নির্বাচনে অন্যায্য সুবিধা পেয়েছে। তবে পুরো নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করা হবে, নাকি নির্দিষ্ট কিছু অনিয়মের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
দলটির পরিকল্পনা অনুযায়ী, জেরুজালেম জেলা আদালতে আপিল করা হতে পারে। তবে আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৭ নভেম্বর হওয়ায় নির্ধারিত সময়ের আগেই আপিল করার সম্ভাবনা কম বলে জানিয়েছেন বোমবাখ।
অন্যদিকে, নির্বাচনের দিন ভোটকেন্দ্রগুলোতে স্বেচ্ছাসেবী পর্যবেক্ষক পাঠানো সংগঠন ‘সিভিলিয়ান ইলেকশন গার্ড’ ভোটার উপস্থিতি পর্যবেক্ষণে অ্যাপ ব্যবহারের ৩৭৪টি সম্ভাব্য অনিয়ম শনাক্ত করেছে। সংগঠনটির প্রতিবেদনে বলা হয়েছে, এসব ঘটনার সবচেয়ে বেশি সংশ্লিষ্টতা পাওয়া গেছে লিকুদের কর্মী ও ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে।
প্রতিবেদন অনুযায়ী, শনাক্ত ঘটনাগুলোর ৩২ শতাংশের সঙ্গে লিকুদের সংশ্লিষ্টতা রয়েছে। এ তালিকায় ইউনাইটেড তোরাহ জুডাইজমের সংশ্লিষ্টতা ১০ শতাংশ, শাসের ৬ শতাংশ, রা’আমের ২ শতাংশ এবং জয়েন্ট লিস্টের ১ শতাংশ।
নির্বাচনের ১০ দিন আগে উচ্চ আদালত ভোটারদের উপস্থিতি পর্যবেক্ষণে এ ধরনের অ্যাপ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছিলেন লিকুদের কয়েকজন মন্ত্রী। সাম্প্রতিক নির্বাচনগুলোতে ভোটারদের কেন্দ্রে আনতে লিকুদ ও অতি-ধর্মীয় দলগুলো এ ধরনের তথ্য ব্যবহার করে আসছিল। আদালতে দলটির আইনজীবীরা দাবি করেছিলেন, অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর হলে নির্বাচনের দিন তাঁদের সাংগঠনিক কার্যক্রম বাধাগ্রস্ত হবে।
এদিকে নির্বাচনি জালিয়াতির অভিযোগে তদন্তাধীন আরও দুটি ঘটনাকে সম্ভাব্য আপিলের আওতায় রাখছে লিকুদ। তবে নির্ধারিত সময়ের মধ্যে তদন্তের অগ্রগতি কেমন হয়, তার ওপর এ সিদ্ধান্ত নির্ভর করবে।
শুক্রবার চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে চলমান দুটি তদন্তই দুর্বল হয়ে পড়েছে।
প্রথম ঘটনাটি রা’আমের পক্ষে ভোট দেওয়ার জন্য ভোটারদের ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগ নিয়ে। নির্বাচনের দিন সকালে এ ঘটনায় তিন বেদুইন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে নতুন কোনো প্রমাণ পাওয়া না গেলে মামলাটি বন্ধ করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আটক সন্দেহভাজনদের ছেড়ে দেওয়া হয়েছে।
দ্বিতীয় অভিযোগটি জয়েন্ট লিস্টের পক্ষে বিদেশি অর্থায়ন নিয়ে। প্রাথমিকভাবে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ ঘটনায় কাতারের সম্পৃক্ততার কথা বলা হয়েছিল। তবে চ্যানেল ১২ জানিয়েছে, ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত পুলিশের কাছে দেওয়া গোয়েন্দা তথ্যে কাতারের কোনো উল্লেখ নেই। বরং সংশ্লিষ্ট অর্থ পশ্চিম তীর থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে। তবে অর্থের উৎস ও এর পেছনে কারা রয়েছে, তা এখনো নিশ্চিত হয়নি।
নির্বাচনি অনিয়মের এসব অভিযোগকে সামনে রেখে লিকুদ ও বিদায়ী জোটের অন্য দলগুলো বুধবার প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের কাছে আনুষ্ঠানিক নির্বাচনি ফল ঘোষণা ও হস্তান্তর প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার চেষ্টা করে।
তবে কেন্দ্রীয় নির্বাচন কমিটির প্রধান নোয়াম সোলবার্গ জানান, তদন্তাধীন অভিযোগগুলো সত্য প্রমাণিত হলেও সেগুলো নির্বাচনের ফলাফল পরিবর্তনের মতো গুরুতর নয়। একই সঙ্গে আরব ভোটারদের ঢালাওভাবে অভিযুক্ত করার প্রবণতারও সমালোচনা করেন তিনি।
পরবর্তী সময়ে কেন্দ্রীয় নির্বাচন কমিটির অনুমোদনের পর আনুষ্ঠানিক ফলাফল প্রেসিডেন্ট হারজোগের কাছে হস্তান্তর করা হয়। নতুন সরকার গঠনের দায়িত্ব কাকে দেওয়া হবে, তা নির্ধারণে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করেন প্রেসিডেন্ট।
এ প্রক্রিয়ায় বিরোধী দল ইয়াশারের নেতা গাদি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার পক্ষে মত দেন ৬৭ জন সংসদ সদস্য। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে সুপারিশ করেন ৪৬ জন সংসদ সদস্য। সাতটি আসন পাওয়া ইউনাইটেড তোরাহ জুডাইজম কোনো পক্ষকেই সমর্থন দেয়নি। ফলে নেতানিয়াহুর প্রতি দলটির দীর্ঘদিনের রাজনৈতিক সমর্থনে ছেদ পড়েছে।
Leave a Reply