ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম, জালভোট প্রদান, পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচন প্রত্যাখ্যান করে আগামী শনিবার (৩১ অক্টোবর) জেলাজুড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে দলটি।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কফিল উদ্দিন আহমেদ ও জামায়াত সমর্থিত প্রার্থী দেলাওয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার বিকেল ৪টার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে এই বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ শুরু হবে।
দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন অভিযোগ করেন, নির্বাচনের শুরু থেকেই পুরো এলাকায় এক ধরনের ভীতিকর পরিবেশ তৈরি করা হয়েছিল। ভোটারদের কেন্দ্রে গিয়ে প্রকাশ্যে ভোট দিতে এবং ভয়ভীতি প্রদর্শনের একাধিক ঘটনা ঘটে। এছাড়া বিভিন্ন কেন্দ্র থেকে জামায়াতের পোলিং এজেন্টদের বের করে দিয়ে একতরফা ফলাফল তৈরি করা হয়েছে বলে দাবি করেন তিনি।
জামায়াতের প্রার্থী বলেন, “ভোটের দিন কেন্দ্রগুলোতে ৫০ শতাংশ ভোটার উপস্থিতির মতো পরিবেশও আমরা দেখিনি। অথচ ঘোষিত ফলাফলে ৬৪ শতাংশ ভোট দেখানো হয়েছে। আমরা সার্বিক অনিয়মের প্রতিবাদে আগামী শনিবার বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছি।”
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফলাফলে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন পান ৯৬ হাজার ৫১৩ ভোট। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই ভোট পুনঃগণনা ও অনিয়মের প্রতিবাদে আন্দোলনে নামার ঘোষণা দেয় জামায়াতে ইসলামী।
Leave a Reply