রাষ্ট্র পুনর্গঠন ও রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দিয়ে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, ক্ষমতায় যদি বিএনপি না থাকে, তবে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) অন্যান্য বিরোধী রাজনৈতিক শক্তিকে শকুনের মতো ঠুকরে ছিঁড়ে খাবে আওয়ামী লীগ।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে রাজনৈতিক পরিস্থিতির সার্বিক প্রেক্ষাপট বিশ্লেষণ করতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
রাশেদ খান বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে রাষ্ট্র পুনর্গঠন ও দেশের গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে বিএনপি একটি বড় স্তম্ভ। রাজপথের আন্দোলন এবং রাজনৈতিক সংগ্রামের দীর্ঘ অভিজ্ঞতা তুলে ধরে তিনি বিরোধী দলগুলোর উদ্দেশে বলেন, আওয়ামী লীগ যে কোনো সময় সুযোগ পেলেই আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে। সে অবস্থায় ঐক্য ভেঙে গেলে বা বিএনপি ক্ষমতার বাইরে থাকলে অন্য রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের চরম প্রতিহিংসার শিকার হবে।
জামায়াত নেতাদের বিভিন্ন বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি আরও উল্লেখ করেন, রাজপথের রাজনৈতিক লড়াই-সংগ্রামের অনভ্যস্ততা ও বাস্তব অভিজ্ঞতা কম থাকার কারণে অনেকে না বুঝে নানা রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। তাই বাস্তবতার নিরিখে জাতীয় ঐক্য বজায় রেখে আওয়ামী চক্রান্ত প্রতিহত করাই এখন সময়ের প্রধান দাবি বলে মনে করেন তিনি।
গণঅধিকার পরিষদের এই নেতার মন্তব্যকে কেন্দ্র করে দেশের বর্তমান রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
Leave a Reply