বেতন বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুর শিল্পাঞ্চল। বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকায় বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি গাড়িতে আগুন দেন।
সকাল ৯টার দিকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশের একটি সাদা রঙের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আশিক সাঈদ গাড়িতে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। মোবাইল ফোনে তিনি জানান, আগুনে ক্ষতিগ্রস্ত গাড়িটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের।
এদিকে আগুন লাগার খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. রাজীব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পুড়ে যাওয়া গাড়িটি পুলিশের।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ জানান, শ্রমিকদের বিক্ষোভের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে তিনি পুলিশের গাড়িটি নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে গাড়ি থেকে নামার পর মহাসড়কের আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেওয়া শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন।
তিনি আরও জানান, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ ধাওয়ার চেষ্টা করে। তার দাবি, বিক্ষোভকারীরা আগে থেকেই তার গাড়িটিকে লক্ষ্যবস্তু করে রেখেছিলেন। পরে গাড়িটিতে আগুন দেওয়া হলেও তিনি নিরাপদে রয়েছেন।
বেতন বৃদ্ধির দাবিতে কয়েক সপ্তাহ ধরে চলা শ্রমিক আন্দোলনের কারণে গাজীপুর শিল্পাঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। বুধবারের সংঘর্ষ ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
Leave a Reply