কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। তিনি বলেন, দলটির বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং দেশ ও বিদেশে বারবার তারা নিজেদের সন্ত্রাসী চরিত্রের প্রমাণ দিয়েছে।
সংসদে দেওয়া বক্তব্যে পরাজিত শক্তির সব ধরনের ষড়যন্ত্র রুখে দিতে দল-মতনির্বিশেষে দেশের সব রাজনৈতিক শক্তিকে ২০২৪ সালের মতো আবারও একই মঞ্চে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। মুক্তিযুদ্ধের চেতনার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি স্পষ্ট জানান, অন্য কারও বশ্যতা বা তাবেদারি মেনে নেওয়ার জন্য এ দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেনি। গোলামি ও তাবেদারি শক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী বলেন, ওদের হাতে গোলামির জিঞ্জির আর আমাদের হাতে স্বাধীনতার পতাকা। দেশকে কোনো তাবেদারের হাতে তুলে দেওয়া হবে না এবং গোলামির শক্তি মাথা তুলে দাঁড়ানোর আগেই জনগণ তাদের বিষদাঁত ভেঙে দেবে।
বক্তব্যে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও সাম্প্রতিক বৈদেশিক সফরের বিষয়েও সংসদকে অবহিত করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বিদেশ সফর প্রসঙ্গে প্রধানমন্ত্রী স্পষ্ট করেন যে, বর্তমান সরকার গঠনের পর এখন পর্যন্ত কোনো দেশের সঙ্গে কোনো চুক্তি সই হয়নি, বরং কেবল সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষরিত হয়েছে। আগামী সংসদ অধিবেশনে জাপান সফরের সমঝোতা স্মারকগুলো উপস্থাপন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
সাবেক সরকারের কঠোর সমালোচনা করে তারেক রহমান বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার প্রতিবছর দেশ থেকে দুই লাখ কোটি ডলার পাচার করত। সেই সরকারের পতনের পর দেশের মানুষ পুনরায় বাক্স্বাধীনতা ফিরে পেয়েছে, দেশে গণতন্ত্র শক্তিশালী হচ্ছে এবং সাধারণ মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
একটি উত্তর দিন