বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা প্রকাশিত নারী ফুটবলের সর্বশেষ র্যাংকিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ। মিয়ানমারের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আগের ১০৭ নম্বর অবস্থান থেকে এক ধাপ এগিয়ে ১০৬ নম্বরে উঠে এসেছে ঋতুপর্ণা চাকমার দল।
সম্প্রতি শেষ হওয়া এশিয়ান গেমসের গ্রুপ পর্বে শক্তিশালী উত্তর ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারলেও র্যাংকিংয়ে বড় কোনো পতন ঘটেনি বাংলাদেশের। উত্তর কোরিয়ার কাছে ১০ গোল ও দক্ষিণ কোরিয়ার কাছে ৬ গোল হজম করায় যথাক্রমে শূন্য দশমিক শূন্য ছয় ও শূন্য দশমিক দুই আট রেটিং পয়েন্ট কমেছিল। তবে র্যাংকিংয়ে এই দুই দল বাংলাদেশের চেয়ে প্রায় ১০০ ধাপ এগিয়ে থাকায় পয়েন্টের ব্যবধানে বড় কোনো বিপর্যয় হয়নি।
মূলত গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফিফা র্যাংকিংয়ে ৫০ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারের বিপক্ষে গোলশূন্য ড্র করাটাই বাংলাদেশের উন্নতির মূল চাবিকাঠি ছিল। শক্তিশালী দলটির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করায় বাংলাদেশের ঝুলিতে যোগ হয়েছে ৪ দশমিক ছয় চার রেটিং পয়েন্ট। এতে দলটির মোট রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১৭৫ দশমিক তিন পাঁচ-এ। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে ড্র করার খেসারত দিয়ে ৫৫ থেকে এক ধাপ পিছিয়ে ৫৬ নম্বরে নেমে গেছে মিয়ানমার। এর আগে গত বছর এই মিয়ানমারকেই হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে ইতিহাস গড়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল।
Leave a Reply