দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনের চলমান কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। প্রবিধানমালা চূড়ান্তকরণ বিলম্বিত হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত কমিটি সংক্রান্ত সব ধরনের কার্যক্রম স্থগিত রাখার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে ২০২৫ সালের ৩১ আগস্ট বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালায় গুরুত্বপূর্ণ সংশোধন আনা হয়। সংশোধিত নিয়ম অনুযায়ী, বেসরকারি কলেজের গভর্নিং বডির সভাপতি পদের জন্য অন্তত চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি এবং বেসরকারি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হতে ন্যূনতম স্নাতক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করা হয়েছিল।
এর আগের প্রবিধানমালায় স্থানীয় সংসদ সদস্যদের (এমপি) পরামর্শক্রমে স্থানীয় জনপ্রতিনিধি, অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব কিংবা বিশিষ্ট সমাজসেবকদের মধ্য থেকে তিনজনের নাম সুপারিশ করে শিক্ষা বোর্ডে পাঠানোর নিয়ম প্রচলিত ছিল। প্রবিধানমালার সাম্প্রতিক এই সংস্কার প্রক্রিয়া পুরোপুরি চূড়ান্ত না হওয়ায় কমিটি গঠন সাময়িকভাবে স্থগিত রাখল শিক্ষা বোর্ড।
Leave a Reply