কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আপন মামাতো ভাই শামছুর রহমান টিপু এবং তার ছেলে খান শিহাবুর রহমান শিহাবকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেইট এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার শামছুর রহমান টিপু ওবায়দুল কাদেরের বড় মামা একরামুল হকের ছেলে। তিনি বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং তার ছেলে শিহাবুর রহমান বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তারা নিজেদের বাড়িতেই অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, সন্ত্রাস দমন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং শুক্রবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
একটি উত্তর দিন