ঢাকা-৬ আসনের গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচি চলাকালে আত্মরক্ষার্থে লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র বহনের ঘটনায় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সংবাদকে “খণ্ডিত ও বিভ্রান্তিকর” আখ্যা দিয়ে স্পষ্ট ব্যাখ্যা প্রদান করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
আজ (১৮ অক্টোবর) প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে ইশরাক হোসেন উল্লেখ করেন, একটি স্পর্শকাতর ও স্বল্প সময়ের চিত্রকে কেন্দ্র করে প্রচারিত ভিডিও ও শিরোনামের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করা হচ্ছে। প্রকৃতপক্ষে সুনির্দিষ্ট নিরাপত্তাঝুঁকি ও অতর্কিত হামলার আশঙ্কার মুখেই আত্মরক্ষার্থে তিনি এবং তাঁর নিরাপত্তাকর্মীরা স্বল্প সময়ের জন্য অস্ত্র প্রদর্শন করেছিলেন।
অভিযানের পেছনের প্রেক্ষাপট ও দাপ্তরিক পদক্ষেপ
প্রতিমন্ত্রী জানান, ঢাকা-৬ আসনের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই গেন্ডারিয়ার ঘণ্টিঘর, মুন্সিটেক ও করাতিটোলাসহ আশপাশের এলাকায় মাদক কেনাবেচা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে মাদকের বিস্তার নিয়ে তিনি নিয়মিত অভিযোগ পাচ্ছিলেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে এলাকাটি মাদক সিন্ডিকেটের অন্যতম প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়। গত জুন মাসে মাদক সহিংসতায় তিনজন সাধারণ নাগরিক গুলিবিদ্ধ হওয়ার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য আধা-সরকারি পত্র (DO Letter) প্রদানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে একাধিক সমন্বয় সভা করেন। সর্বশেষ পুলিশ প্রশাসন, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী সমন্বিত সামাজিক প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবেই গতকাল তিনি উক্ত এলাকায় যান।
আত্মরক্ষার্থে অস্ত্র প্রদর্শনের কারণ
বিবৃতিতে বলা হয়, ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই আইনশৃঙ্খলা বাহিনী ও নিজস্ব গোয়েন্দা সূত্রে প্রতিমন্ত্রীর ওপর হামলা ও মাদক কারবারিদের ছাদ থেকে আকস্মিক গুলিবর্ষণের আশঙ্কার বিষয়ে সতর্কবার্তা ছিল।
ঘটনার বর্ণনা দিয়ে ইশরাক হোসেন বলেন, “কর্মসূচি চলাকালে একটি অস্থায়ী আস্তানার কাছে পৌঁছালে ৩০ থেকে ৩৫ জন আইনলঙ্ঘনকারী ব্যক্তি অতর্কিতে হইচই করে আমাদের গাড়িবহরের দিকে মারমুখী ভঙ্গিতে ধেয়ে আসে। এমতাবস্থায় সুনির্দিষ্ট হামলার আশঙ্কা এবং জানমালের নিরাপত্তায় আমি এবং আমার সরকারি নিরাপত্তারক্ষীরা গাড়ি থেকে নেমে অত্যন্ত স্বল্প সময়ের জন্য আত্মরক্ষার্থে অস্ত্র উঁচিয়ে ধরি।”
তিনি জোর দিয়ে বলেন, সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নস্যাৎ হওয়ার পরপরই অস্ত্রটি যথাস্থানে রাখা হয়। অস্ত্রটি সম্পূর্ণ বৈধ ও লাইসেন্সপ্রাপ্ত এবং এর ব্যবহার আইনি কাঠামোর মধ্যেই সম্পন্ন হয়েছে।
পুলিশের সহযোগিতায় উচ্ছেদ ও ৬ জন গ্রেফতার
ঘটনার পরপরই গেন্ডারিয়া থানা-পুলিশকে অবহিত করা হয় এবং পুলিশের প্রত্যক্ষ উপস্থিতিতে পরিচালিত যৌথ অভিযানে ৪-৫টি অবৈধ মাদকের আস্তানা উচ্ছেদ করা হয়। অভিযানকালে আস্তানাগুলো থেকে হেরোইন, বিদেশি মদ, মাদক সেবনের সরঞ্জাম, ধারালো দেশীয় অস্ত্র, নগদ অর্থ এবং ছিনতাইকৃত মোবাইল ফোন জব্দ করা হয়। ঘটনার সাথে হাতেনাতে জড়িত ৬ জন মাদক কারবারিকে আটক করে গেন্ডারিয়া থানা-পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।
গণমাধ্যমের ভূমিকা নিয়ে অসন্তোষ
কয়েকটি গণমাধ্যমের সংবাদের সমালোচনা করে প্রতিমন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, অভিযানের সাফল্য, মাদকের আস্তানা উচ্ছেদ, অস্ত্র ও মাদক উদ্ধার এবং ৬ জন অপরাধীকে আটকের মতো ইতিবাচক ও মূল বিষয়গুলোকে সম্পূর্ণ এড়িয়ে গিয়ে কেবল ‘অস্ত্র হাতে প্রতিমন্ত্রীর অভিযান’ শিরোনামে খণ্ডিত দৃশ্য প্রচার করা হয়েছে, যা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতি পরিপন্থী। তিনি সংবাদমাধ্যমগুলোকে তথ্যের পূর্ণাঙ্গ প্রেক্ষাপট তুলে ধরার আহ্বান জানান।
মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে ইশরাক হোসেন বলেন, অপপ্রচারের মাধ্যমে গড়ে ওঠা সামাজিক আন্দোলন স্তব্ধ করা যাবে না এবং ঢাকা-৬ আসনকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে এ ধরনের উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply