রংপুরের বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকারকে ‘মাদকের ডিলার’ ও পৃষ্ঠপোষক আখ্যা দিয়ে তাঁর অপসারণ দাবি করেছেন বদরগঞ্জ পৌর বিএনপির সভাপতি কমল লোহানী। সম্প্রতি একটি স্থানীয় অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি ওসির বিরুদ্ধে এ বিস্ফোরক মন্তব্য করেন। তবে বিএনপি নেতার এমন অভিযোগ পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে তা নাকচ করে দিয়েছেন ওসি হাসান জাহিদ সরকার।
বিএনপি নেতার অভিযোগ
পৌর বিএনপির সভাপতি কমল লোহানী অভিযোগ করে বলেন, বদরগঞ্জে মাদকের ভয়াবহ সয়লাব ঘটেছে এবং বর্তমান ওসি টাকা পেলেই সব করেন। তিনি দাবি করেন, বদরগঞ্জে মাদক, জুয়া ও অবৈধ বালু উত্তোলনের পেছনে এই ওসি সরাসরি যুক্ত এবং প্রতিদিন সন্ধ্যার পর বালু মহালে ঘুষ নেওয়া ছাড়াও জুয়ার আসর বসানোর বিনিময়ে তিনি মাসোহারা পান। একইসঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার না করে আশ্রয় দেওয়ারও অভিযোগ তোলেন কমল লোহানী। বদরগঞ্জের শান্তিশৃঙ্খলা ও যুবসমাজ রক্ষায় ওই ওসির দ্রুত অপসারণ দাবি জানান এই বিএনপি নেতা।
ওসির বক্তব্য ও ব্যাখ্যা
বিএনপি নেতার অভিযোগের জবাবে বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান সবসময়ই ‘জিরো টলারেন্স’। ওসির দাবি, দুর্গাপূজা কেন্দ্র করে স্থানীয় ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে থানায় একটি আইনশৃঙ্খলাসংক্রান্ত সভা আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানে কমল লোহানীকে আমন্ত্রণ না জানানোয় তিনি ভুল বুঝে বা ক্ষোভ প্রকাশ করে এমন অসত্য মন্তব্য করে থাকতে পারেন।
তিনি আরও জানান, কোনো ব্যক্তির অসন্তোষ বা রাজনৈতিক ভুল বোঝাবুঝি থেকে দেওয়া এমন বক্তব্যে পুলিশ বাহিনীর মাদকবিরোধী অবস্থান এবং আইনি কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না।
Leave a Reply