মো.জিসান, ভোলা প্রতিনিধি:
ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশার ৬ নম্বর বাঘার হাওলা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস ভোলার একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি সিএনজি থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে সিএনজি থেকে প্রায় ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনের সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, মাদকের ভয়াবহ বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
একটি উত্তর দিন