দেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের শক্তিশালী প্রবাহ বজায় রয়েছে। চলতি অক্টোবর মাসের প্রথম ১০ দিনেই দেশে এসেছে ৯৯ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স। বর্তমান প্রতি ডলার ১২৩ টাকা বিনিময় হার হিসাবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ১২ হাজার ১৭৭ কোটি টাকা।
রবিবার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, অক্টোবরের ১ তারিখ থেকে শনিবার (১০ অক্টোবর) পর্যন্ত প্রবাসীরা এই বিপুল পরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। এর মধ্যে শুধু ৮ থেকে ১০ অক্টোবর— এই তিন দিনেই এসেছে ২১ কোটি ৭০ লাখ ডলার। উল্লেখ্য, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৯৪ কোটি ৪০ লাখ ডলার।
এদিকে চলতি অর্থবছরের শুরু থেকেই প্রবাসী আয়ে ইতিবাচক গতি লক্ষ্য করা যাচ্ছে। তথ্যমতে, চলতি অর্থবছরের জুলাই থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশে সর্বমোট ৯৫৮ কোটি ১০ লাখ (৯.৫৮ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স এসেছে। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৮৫৩ কোটি ডলার। ফলে বছরের ব্যবধানে দেশে রেমিট্যান্স প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ১২.৩ শতাংশে।
একটি উত্তর দিন