এম এ বাছির রাজা, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
শরতের স্নিগ্ধ বিকেল। চারপাশে উৎসবের আমেজ। গান, কবিতা, ধামাইল, ঝুমুর, সাঁওতালদের ঐতিহ্যবাহী বাহা নৃত্য, হোজাগিরি ও নানা লোকজ পরিবেশনায় মুখর হয়ে উঠেছে চুনারুঘাট উপজেলা পরিষদ মাঠ। পাহাড়-সমতল ও বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী সংস্কৃতির মিলনে সেখানে তৈরি হয় এক বর্ণিল সাংস্কৃতিক আবহ।
শুক্রবার (২ অক্টোবর)চুনারুঘাট উপজেলা পরিষদ মাঠে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’। চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবে বিভিন্ন সম্প্রদায় ও জাতিগোষ্ঠীর বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
উৎসবে গান ও কবিতার পাশাপাশি পরিবেশিত হয় ধামাইল, ঝুমুর, সাঁওতালদের বাহা নৃত্য, হোজাগিরিসহ বিভিন্ন লোকজ পরিবেশনা। এসব পরিবেশনার মধ্য দিয়ে ফুটে ওঠে বাংলার গ্রামীণ ঐতিহ্য, লোকসংস্কৃতি ও বিভিন্ন জাতিগোষ্ঠীর জীবনযাত্রার বৈচিত্র্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি এবং হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল।
এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ এজ সম্পাদক নুরুল কবীর, ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন এবং হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ।
আয়োজকরা জানান, দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও লোকজ বৈচিত্র্যকে সবার সামনে তুলে ধরাই এ উৎসবের অন্যতম উদ্দেশ্য। পারস্পরিক সংস্কৃতির সঙ্গে পরিচিতি ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতেও এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পাহাড় ও সমতলের মানুষের ঐতিহ্য, বিভিন্ন জাতিগোষ্ঠীর লোকজ সংস্কৃতি এবং বাংলার চিরায়ত সাংস্কৃতিক উপাদানের সম্মিলনে শরতের বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো উৎসবস্থল হয়ে ওঠে প্রাণবন্ত ও বর্ণিল। উৎসবে অংশ নেওয়া দর্শনার্থীরাও নানা রঙের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।
একটি উত্তর দিন