ইতালির মর্যাদাপূর্ণ লুক্কা ফিল্ম ফেস্টিভ্যালের ২২তম আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘মাস্টার’। নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুরস্কার জয়ের খবর জানিয়ে পরিচালক লিখেছেন, ‘সুদূর তাসকানি থেকে কী দারুণ একটি খবর এলো কিছুক্ষণ আগে! লুক্কা ফিল্ম ফেস্টিভ্যালের সেরা চলচ্চিত্রের পুরস্কারটি আমরা জিতে নিয়েছি! এই অর্জন ‘মাস্টার’ সিনেমার সর্বজনীনতা এবং প্রাসঙ্গিকতার আরেকটি প্রমাণ।’
লুক্কা চলচ্চিত্র উৎসবের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের সিনেমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ‘মাস্টার’। সেখানেই বিচারকদের রায়ে সেরা চলচ্চিত্রের স্বীকৃতি পায় বাংলাদেশের এই সিনেমা।
পুরস্কার অর্জনের পর জুরি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত বলেন, অসংখ্য ভালো কাজের মধ্যে তাঁর দলের কঠোর পরিশ্রমকে মূল্যায়ন করায় তিনি বিচারকদের কাছে গভীরভাবে কৃতজ্ঞ। একই সঙ্গে সিনেমাটির পুরো কলাকুশলী দলের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানান তিনি।
জুরি বোর্ডের অফিসিয়াল বক্তব্যে ‘মাস্টার’ সিনেমার গল্প ও বিষয়বস্তুর প্রশংসা করা হয়েছে। তাঁদের মতে, গল্পটি আপাতদৃষ্টিতে সাধারণ মনে হলেও বর্তমান বিশ্বে গণতন্ত্র যেভাবে নানা সংকটের মুখোমুখি হচ্ছে, সিনেমাটি তা অসাধারণভাবে তুলে ধরেছে।
সিনেমার কেন্দ্রে রয়েছে একজন আদর্শবান শিক্ষক, যিনি সততা ও ন্যায়বিচারের পথে থাকতে চান। তাঁর বিশ্বাস, নৈতিকতা ও আদর্শের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। কিন্তু ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দেওয়া একটি রাজনৈতিক ব্যবস্থার জটিলতার মধ্যে শেষ পর্যন্ত তাঁর আদর্শ দুর্নীতির সঙ্গে সংঘাতে পড়ে।
এই সামাজিক ও রাজনৈতিক বাস্তবতাকেই সিনেমাটির অন্যতম শক্তিশালী দিক হিসেবে বিবেচনা করেছে লুক্কার জুরি বোর্ড।
‘মাস্টার’-এর পুরস্কার জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি বলেন, এই স্বীকৃতি তাঁদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের।
বাঁধনের ভাষায়, ‘মাস্টার’ শুধু একটি সিনেমা নয়; এটি সময়, সমাজ ও মানুষের নানা সংকটের কথা বলে। আন্তর্জাতিক দর্শক ও জুরি বোর্ডের কাছে এমন একটি গল্পের স্বীকৃতি পাওয়া সত্যিই আনন্দের। রেজওয়ান শাহরিয়ার সুমিতসহ পুরো টিমের পরিশ্রমের ফল হিসেবেই এই অর্জন এসেছে বলে মনে করেন তিনি।
একজন অভিনয়শিল্পী হিসেবে এমন একটি গুরুত্বপূর্ণ কাজের অংশ হতে পেরে নিজেকে ভাগ্যবান বলেও উল্লেখ করেন বাঁধন। তাঁর আশা, এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্বজুড়ে আরও বেশি দর্শকের কাছে পৌঁছে দেবে।
এবারের লুক্কা চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডে ছিলেন অস্কারজয়ী কস্টিউম ডিজাইনার ফ্রাঙ্কা স্কুয়ার্সিয়াপিনো, লিথুয়ানিয়ান পরিচালক ও প্রযোজক শারুনাস বার্তাস এবং ইতালীয় অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার মিকেলে রিওনদিনো।
এ ছাড়া চলতি আসরে বিশ্ব চলচ্চিত্রের দুই প্রখ্যাত নির্মাতা নান্নি মোরেত্তি ও জুলিয়ান শ্নেবেলকে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে। পরিচালক নিকোলাস উইন্ডিং রেফন তাঁর নতুন সিনেমার জন্য পেয়েছেন ‘গোল্ডেন প্যান্থার অ্যাওয়ার্ড’।
রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘মাস্টার’ সিনেমায় অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, শরীফ সিরাজ, তাসনোভা তামান্না, আমিনুর রহমান মুকুল ও মাহমুদ আলমসহ আরও অনেকে।
লুক্কা চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরস্কার জয় বাংলাদেশের চলচ্চিত্রের জন্য একটি উল্লেখযোগ্য আন্তর্জাতিক অর্জন। ‘মাস্টার’-এর এই স্বীকৃতি দেশের নির্মাতা ও শিল্পীদের আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে আরও দৃশ্যমান করে তুলবে বলে আশা সংশ্লিষ্টদের।
একটি উত্তর দিন