বাগেরহাটের রামপালে অবস্থিত ‘মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট’ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক অর্জন করেছে। কেন্দ্রটির দুটি ইউনিট থেকে একসাথে সর্বোচ্চ ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে, যা কেন্দ্রটির অনুমোদিত মোট সক্ষমতার (১,৩২০ মেগাওয়াট) চেয়েও বেশি এবং বিদ্যুৎকেন্দ্রটির ইতিহাসে সর্বোচ্চ উৎপাদনের নতুন রেকর্ড। উৎপাদিত এই বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
শনিবার (৩ অক্টোবর) কেন্দ্রটির প্রথম ও দ্বিতীয় ইউনিট মিলিয়ে যৌথভাবে এই রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন অর্জিত হয়। সম্প্রতি যান্ত্রিক ত্রুটির কারণে দ্বিতীয় ইউনিটটিতে সাময়িকভাবে উৎপাদন বন্ধ ছিল। তবে দ্রুত ত্রুটি মেরামত করে ইউনিটটি পুনরায় চালু করার পর থেকে দুটি ইউনিটেই নিরবচ্ছিন্ন উৎপাদন চলছে।
বাগেরহাটের রামপাল উপজেলায় বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) কর্তৃক নির্মিত এই তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা ৬৬০ মেগাওয়াট করে। সাম্প্রতিক যান্ত্রিক ত্রুটি কাটিয়ে কেন্দ্রটির দুই ইউনিট পূর্ণ সক্ষমতায় ফেরায় দেশে চলমান বিদ্যুৎ চাহিদা মেটাতে ও জাতীয় গ্রিডে স্থিতিশীলতা আনতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
একটি উত্তর দিন