ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা আরও সুদৃঢ় করতে নতুন একটি গোপনীয়তা সুবিধা নিয়ে কাজ করছে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে চ্যাট কিংবা কলের সময় ব্যবহারকারীর ফোন নম্বর কারা দেখতে পারবেন, তা পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাবে। বিশেষ করে হোয়াটসঅ্যাপে ইউজারনেম বা ব্যবহারকারী নাম সেট করেছেন এমন ব্যক্তিরাই এই সুবিধাটি উপভোগ করতে পারবেন।
নতুন এই গোপনীয়তা ব্যবস্থায় ফোন নম্বর দৃশ্যমান রাখার জন্য মোট চারটি বিকল্প বা অপশন থাকবে। এগুলো হলো—সবাই, শুধু পরিচিতি তালিকায় থাকা ব্যক্তি, নির্বাচিত কয়েকজন ছাড়া পরিচিতির অন্যরা এবং কেউ নয়। এর ফলে ব্যবহারকারী চাইলে নিজের ফোন নম্বর সবার অগোচরে রাখতে পারবেন। ফিচারটি চালু হওয়ার পর ফোন নম্বর দৃশ্যমান রাখার ডিফল্ট বা প্রাথমিক সেটিংস হিসেবে ‘কেউ নয়’ অপশনটি নির্ধারিত থাকবে, যাতে ইউজারের অনুমতি ছাড়া কেউ নম্বর দেখতে না পারে।
তবে এই নতুন ব্যবস্থার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট ব্যতিক্রমও থাকবে। যেসব ব্যবহারকারী বা পরিচিতজনদের কাছে আগে থেকেই সংশ্লিষ্ট ব্যক্তির ফোন নম্বর সেভ বা সংরক্ষিত রয়েছে, তারা আগের মতোই চ্যাট বা কলের সময় নম্বর দেখতে পাবেন। অর্থাৎ, পূর্ব থেকে নম্বর সেভ থাকা ব্যক্তিদের ক্ষেত্রে এই গোপনীয়তার নিয়ন্ত্রণ প্রযোজ্য হবে না। ইউজারনেমের মাধ্যমে যোগাযোগ প্রক্রিয়াকে আরও নিরাপদ ও ব্যবহারকারী-বান্ধব করতেই হোয়াটসঅ্যাপের এই উদ্যোগ।
Leave a Reply