ওয়্যারলেস যোগাযোগ ব্যবস্থায় গতি ও সক্ষমতার এক নতুন যুগের সূচনা করতে যাচ্ছে ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (এসআইজি)। বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত এই প্রযুক্তিতে ডেটা আদান-প্রদানের গতি কয়েক গুণ বাড়াতে অনুমোদন দেওয়া হয়েছে ‘ব্লুটুথ হাই ডেটা থ্রুপুট’ বা এইচডিটি নামক নতুন ফিচার। ব্লুটুথ কোর ৭.০-এর ঐচ্ছিক অংশ হিসেবে যুক্ত হওয়া এই ফিচারের ফলে ব্লুটুথ লো এনার্জি (বিএলই) ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ স্পিড প্রতি সেকেন্ডে ২ মেগাবিট থেকে বেড়ে দাঁড়াবে ৭.৫ মেগাবিটে। অর্থাৎ আগের চেয়ে প্রায় ৩.৭৫ গুণ বেশি গতিতে তথ্যের লেনদেন করা সম্ভব হবে।
আন্তর্জাতিক প্রযুক্তি সংবাদমাধ্যম এনগ্যাজেট সূত্রে জানা গেছে, ডেটা স্থানান্তরের এই বাড়তি স্পিড ওয়্যারলেস অডিওর দুনিয়ায় বিশাল প্রভাব ফেলবে। হাই-রেজুলেশন অডিও, মাল্টি-চ্যানেল সাউন্ড এবং স্পেশাল অডিওর মতো আধুনিক ফিচারগুলো এখন অনেক বেশি স্পষ্ট ও নিরবচ্ছিন্নভাবে উপভোগ করা যাবে।
শুধু গান বা অডিও নয়, ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনের নানা ডিভাইসেও এর ইতিবাচক ছোঁয়া লাগবে। স্মার্টওয়াচের ফার্মওয়্যার আপডেট নেওয়া, হেলথ ও ফিটনেস ডেটা সিঙ্ক করা কিংবা বিভিন্ন স্মার্ট গ্যাজেটের মধ্যে তুলনামূলক বড় ফাইল আদান-প্রদান করার কাজটি খুব দ্রুত শেষ হবে।
বাড়তি স্পিড পেলেও ডিভাইসের ব্যাটারির ওপর অতিরিক্ত চাপ পড়বে না। নতুন প্রযুক্তিটি মূলত ‘ব্লুটুথ লো এনার্জি’ কাঠামোর ওপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে, যার ফলে পাওয়ার কনসাম্পশন বা বিদ্যুৎ খরচ থাকবে একেবারেই হাতের নাগালে।
এ ছাড়া বাড়তি এই ব্যান্ডউইথ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) অ্যাপস ও স্পেশাল কম্পিউটিং ডিভাইসের সঙ্গে সমন্বয়কে আরও বেশি রেসপন্সিভ করে তুলবে। এর ফলে ডিভাইসগুলোর পারফরম্যান্স ও ইউজার এক্সপেরিয়েন্স অনেক উন্নত হবে।
এইচডিটি ফিচার সমৃদ্ধ নতুন ব্লুটুথ ডিভাইসগুলো ২০২৭ সালের শুরুর দিকে বিশ্ববাজারে প্রবেশ করতে পারে। সংশ্লিষ্টদের ধারণা, আগামী জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আয়োজিত কনজিউমার ইলেকট্রনিকস শো (সিইএস)-তেই প্রযুক্তিভিত্তিক বিভিন্ন নির্মাতা প্রতিষ্ঠান এই সুবিধা সংবলিত প্রথম সারির গ্যাজেটগুলোর আনুষ্ঠানিক ঘোষণা দেবে। ওয়্যারলেস কানেক্টিভিটির ভবিষ্যৎ রূপরেখা বদলে দিতে ব্লুটুথ এইচডিটি দারুণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Leave a Reply