আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সক্ষমতা ও সম্ভাবনাকে আরও এক ধাপ এগিয়ে নিতে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে এবিজি স্পোর্টস সিটি। দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের আন্তর্জাতিক টুর্নামেন্ট ‘ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড-এশিয়া কাপ ২০২৬’। আন্তর্জাতিক এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের ভেন্যু পার্টনার হিসেবে যুক্ত হয়েছে এবিজি স্পোর্টস সিটি। টুর্নামেন্টের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে এই ক্রীড়া কমপ্লেক্সের আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়ামে।
আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হয়ে ২০ নভেম্বর পর্যন্ত ছয় দিনব্যাপী চলবে এই আসর। টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশসহ এশিয়ার শক্তিশালী পাঁচটি দেশ প্রতিদ্বন্দ্বিতা করবে। দলগুলো হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আন্তর্জাতিক মানের এই প্রতিযোগিতা ও এশিয়ার সেরা দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের ঘিরে ক্রীড়ামোদী দর্শকদের মাঝে ইতোমধ্যে প্রবল আগ্রহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
আন্তর্জাতিক এই ক্রিকেট মহাযজ্ঞের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল (এসবিজি)। এছাড়া দেশের একমাত্র ২৪ ঘণ্টার ক্রীড়াভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘টি স্পোর্টস’ টুর্নামেন্টের অফিসিয়াল মিডিয়া পার্টনার হিসেবে সব খেলা সম্প্রচার ও সংবাদ প্রচারের দায়িত্ব পালন করবে।
আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের ভেন্যু হিসেবে এবিজি স্পোর্টস সিটি ইতোমধ্যে নিজেদের উচ্চমানের অবকাঠামো ও সক্ষমতার পরিচয় দিয়েছে। সম্প্রতি আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের অংশগ্রহণে একটি দুই দিনের প্রস্তুতিমূলক ম্যাচ সফলভাবে আয়োজিত হয়। এর আগে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দলও এখানে ম্যাচ খেলে গেছে। এবার দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের এশিয়া কাপ আয়োজনের মাধ্যমে বৈশ্বিক ক্রীড়াঙ্গনে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় ও পরিচিতি বিস্তৃত করার দারুণ এক সুযোগ পাচ্ছে এই ক্রীড়া কমপ্লেক্স।
ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট লিমিটেডের (ডব্লিউবিসি) অধিভুক্ত বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের (বিবিসিসি) ব্যবস্থাপনায় টুর্নামেন্টটি আয়োজিত হচ্ছে। আয়োজকদের প্রধান লক্ষ্য এশিয়ার দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের আন্তর্জাতিক মঞ্চে নিজেদের মেধা প্রদর্শনের সুযোগ দেওয়ার পাশাপাশি ক্রীড়ার মাধ্যমে সম্প্রীতি, অন্তর্ভুক্তি ও সমতার বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া। একই সঙ্গে আন্তর্জাতিক মানের ইভেন্ট আয়োজনের বিশ্বস্ত কেন্দ্র হিসেবে এবিজি স্পোর্টস সিটি দেশের ক্রীড়া খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।
Leave a Reply