ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে কঠিন অবস্থানে রয়েছে বাংলাদেশ। ক্যারিবীয়দের করা ৩৫৬ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ এখন পর্যন্ত ৮৮ রানে ৩ উইকেট। সফরকারীদের চেয়ে দল্টি এখনও ২৬৮ রানে পিছিয়ে রয়েছে।
এর আগে প্রথম দিনে উইন্ডিজের পক্ষে আমির জাঙ্গু ১৩৩, কেভিন উইকহ্যাম ৬১ এবং জাস্টিন গ্রিভস ৫১ রান করেন। বাংলাদেশের পেসার হাসান মাহমুদ টেস্ট ক্যারিয়ারের পঞ্চম ফাইফার তুলে নিয়ে ৬টি উইকেট শিকার করেন।
জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে স্বাগতিক দল। ওপেনিংয়ে কিছুটা পরীক্ষামূলকভাবে নামা নাঈম হাসান ৫ রান করে সাজঘরে ফেরেন। এরপর তানজিদ হাসান তামিম ১৬ এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৮ রান করে আউট হলে দ্রুতই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে তৌহিদ হৃদয় ২৯ এবং অভিজ্ঞ মুশফিকুর রহিম ১৬ রান নিয়ে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেন। তাদের মধ্যকার অপরাজিত ৩৭ রানের জুটি দলকে আর কোনো বিপদ ঘটতে না দিয়ে সাময়িক স্বস্তি এনে দিয়েছে। আলোকস্বল্পতার কারণে দ্বিতীয় দিনের খেলা নির্ধারিত সময়ের আগেই সমাপ্ত ঘোষণা করা হয়। আগামী তৃতীয় দিনে এই দুই ব্যাটার উইকেটে থেকে দলের ইনিংস বড় করার লক্ষ্য নিয়ে খেলা শুরু করবেন।
Leave a Reply