ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ফলাফলে বিরোধী দলের জনপ্রিয়তায় বড় ধরনের ধস নেমেছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, ব্যালটের মাধ্যমে ঠাকুরগাঁওয়ের জনগণ বিরোধী দলের রাজনীতি ও তাদের কর্মকাণ্ডের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকালে ঠাকুরগাঁওয়ের টাঙন ব্যারেজে আয়োজিত ঐতিহ্যবাহী মাছ ধরা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “বিএনপি সরকার গত আট মাসে কী কাজ করেছে, আর কী করেনি—ঠাকুরগাঁওয়ের মানুষ তার সঠিক ও নিরপেক্ষ মূল্যায়ন করেছেন। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশের মানুষের জন্য কীভাবে কাজ করছে, তাও জনগণ নিবিড়ভাবে তদারকি করছে। অন্যদিকে, যারা বিভিন্ন সময় লংমার্চ, রোডমার্চ ও বিক্ষোভের কর্মসূচি পালন করেছে, উপনির্বাচনের ফলাফলে তাদের আসল জনসমর্থনের চিত্র ফুটে উঠেছে। এ নির্বাচনে বিএনপির প্রার্থী প্রায় ১ লাখ ৩০ হাজার ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন, আর বিপরীতে বিরোধী দলের প্রার্থী পেয়েছেন অত্যন্ত কম ভোট। জনগণের এ রায়ই প্রমাণ করে বিরোধী দলগুলোর জনসমর্থনে ধস নেমেছে।”
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ফরহাদ হোসেন আজাদ জানান, সারাদেশে নদী ও খাল পুনঃখননের ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কাজ প্রধানমন্ত্রী নিজে সরাসরি তদারকি করছেন এবং কোনো ধরনের অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। এ সময় তিনি তিস্তা প্রকল্প বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বক্তব্য শেষে প্রতিমন্ত্রী টাঙন ব্যারেজের তিনটি জলকপাট খুলে দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন। জলকপাট খোলার পর স্থানীয় জেলে ও সাধারণ মানুষ দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে উৎসবমুখর পরিবেশে মাছ শিকারে মেতে ওঠেন।
ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. বেলাল হোসেন, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণ কমল সরকার, নির্বাহী প্রকৌশলী মো. আতিকুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Leave a Reply