অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পদত্যাগের নির্দেশ পাওয়ার গুঞ্জন উঠলেও সেটিকে পুরোপুরি ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। পদত্যাগের বিষয়ে ছড়ানো সংবাদের সত্যতা নেই দাবি করে দেশবাসীকে এ ধরনের উড়ু খবরে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
রোববার (১৮ অক্টোবর) রাতে গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে ইশরাক হোসেন বলেন, “আমি দয়া করে সবাইকে অনুরোধ জানাচ্ছি যে, এই বিষয়টিকে আপনারা অবশ্যই গুজব হিসেবে ধরবেন। এর কোনো সত্যতা এখনো নেই। যদি কোনো সিদ্ধান্ত দল থেকে আমরা নিই, তাহলে সেটি কোনো উডু খবরের মাধ্যমে আসবে না।”
তিনি আরও স্পষ্ট করে জানান, দলীয় বা সরকারি যেকোনো সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে তুলে ধরা হবে। প্রতিমন্ত্রী বলেন, “অবশ্যই আমরা অফিশিয়ালি, কোনো প্রেস কনফারেন্স—যেখানে আপনারা উপস্থিত থাকবেন, সেরকম অনুষ্ঠান করে করা হবে। তো যে বা যারা এই তথ্য দিয়েছে, তারা উড়ু খবরকে খবর হিসেবে প্রচার করছে। আমি দয়া করে সবাইকে অনুরোধ জানাব এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন।”
এর আগে, সম্প্রতি প্রকাশ্যে অস্ত্র হাতে একটি মাদকবিরোধী অভিযানে অংশ নেন ইশরাক হোসেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে ডেকে পাঠান এবং তাকে পদত্যাগের নির্দেশ দেন বলে সরকার-সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক সূত্রের বরাতে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো দায়িত্বশীল কর্মকর্তা কিংবা প্রধানমন্ত্রীর দপ্তরের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply