নেটওয়ার্কজনিত বিভ্রাট ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে থমকে যাওয়া ৩০টিরও বেশি ব্যাংকের ডিজিটাল লেনদেন ও কার্ড সেবা অবশেষে পুরোদমে চালু হয়েছে। সেবা পুনর্বহালের মাধ্যমে ভোগান্তিতে পড়া লাখ লাখ গ্রাহকের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
আইটি কনসালট্যান্টস পিএলসির (আইটিসি) সুইচিং নেটওয়ার্ক ‘কিউ-ক্যাশ’ (Q-Cash)–এর মাধ্যমে পরিচালিত এটিএম, পিওএস (POS), ই-কমার্স ও অনলাইন ফান্ড ট্রান্সফার (NPSB) সেবায় সাময়িক বিঘ্ন ঘটেছিল। এর ফলে গত কয়েক দিন ধরে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর গ্রাহকেরা এটিএম থেকে নগদ অর্থ উত্তোলন, কার্ডে কেনাকাটা বা মোবাইল অ্যাপসের মাধ্যমে টাকা লেনদেন করতে পারছিলেন না।
পূর্বঘোষণা ছাড়া ও বাংলাদেশ ব্যাংককে আনুষ্ঠানিকভাবে না জানিয়ে একযোগে এতগুলো ব্যাংকের সেবা বিঘ্নিত হওয়ায় বিষয়টি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক। গ্রাহক স্বার্থ এবং আর্থিক লেনদেনের ধারাবাহিকতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে তাৎক্ষণিক বিজ্ঞপ্তির মাধ্যমে কিউ-ক্যাশ পরিচালনাকারী প্রতিষ্ঠানের শীর্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তলব করা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান ও নির্দেশনার পর দ্রুততম সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেবাদাতা প্রতিষ্ঠানটি। নির্দেশনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই কিউ-ক্যাশের আওতাধীন সব নেটওয়ার্কিং ও সুইচিং সেবা সচল করা সম্ভব হয়।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, কিউ-ক্যাশ নেটওয়ার্কভুক্ত সব ব্যাংকের ডিজিটাল ও কার্ডভিত্তিক সেবা এখন পুরোপুরি স্বাভাবিক এবং আগের মতোই নিরবচ্ছিন্নভাবে লেনদেন সম্পন্ন করা যাচ্ছে।
Leave a Reply