আগামী ডিসেম্বরকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের যেকোনো ধরনের অপতৎপরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার চেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে সতর্ক বার্তা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৭ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এ বার্তা দেন।
সংবাদ সম্মেলনে আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্ভাব্য কর্মসূচি বা নাশকতার আশঙ্কা এবং দলটির শীর্ষ নেতৃত্বের দেশে ফেরার গুঞ্জন নিয়ে ডিবি প্রধানের কাছে জানতে চাওয়া হয়। জবাবে ডিবি প্রধান শফিকুল ইসলাম স্পষ্ট জানিয়ে দেন, “আইন বিরোধী ও যাদের কার্যক্রম আইন দ্বারা নিষিদ্ধ করা হয়েছে, দেশে তাদের কোনো ধরনের কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না। কার্যক্রম নিষিদ্ধ দলের যেকোনো তৎপরতা রুখতে এবং ঢাকা মহানগরীর মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা সংস্থা সম্পূর্ণ প্রস্তুত ও সজাগ রয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন, আইন অনুযায়ী নিষিদ্ধ দলের যেকোনো অপতৎপরতা প্রতিরোধে নিয়মিত আইনি পদক্ষেপের পাশাপাশি গ্রেপ্তার অভিযান জোরদার রাখা হবে। সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করার মতো কোনো সুযোগ কোনো মহলকে দেওয়া হবে না বলে তিনি কঠোর হুশিয়ারি পুনর্ব্যক্ত করেন।
Leave a Reply