বিশ্বজুড়ে ও যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বাড়ার পেছনে ইউক্রেনের সামরিক হামলা এবং দেশের ভেতরের বিরোধী ডেমোক্র্যাট দলের নীতির দিকে আঙুল তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, মধ্যপ্রাচ্য পরিস্থিতি নয়, বরং রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের সাম্প্রতিক হামলা এবং ডেমোক্র্যাট শাসিত অঙ্গরাজ্যগুলোর নীতিই মূল্যে এই উর্ধ্বগতির জন্য দায়ী।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্য বা ইরানের পরিস্থিতির কারণে নয়, বরং রাশিয়ার জ্বালানি অবকাঠামোগুলোতে ইউক্রেনিয়ান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে বৈশ্বিক সরবরাহ বিঘ্নিত হচ্ছে, যা সরাসরি তেলের দাম বাড়িয়ে দিচ্ছে।
এর পাশাপাশি ডেমোক্র্যাটদের তীব্র সমালোচনা করে ট্রাম্প অভিযোগ করেন, ডেমোক্র্যাট শাসিত রাজ্যগুলোতে মার্কিন তেল শোধনাগার বা রিফাইনারি বন্ধ করে দেওয়া এবং জলবায়ু নীতির কঠোর কড়াকড়ির ফলে যুক্তরাষ্ট্রে জ্বালানি সংকট আরও ঘনীভূত হয়েছে।
যুক্তরাষ্ট্রে গ্যাসের গড় মূল্য প্রতি গ্যালনে প্রায় ৪.৩৭ ডলারে পৌঁছে যাওয়ার প্রেক্ষাপটে ট্রাম্প এই মন্তব্য করেন। বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ার মধ্যে ট্রাম্পের এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
Leave a Reply