আগামী বছরের জানুয়ারি মাসে সারাদেশে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। পূর্বে চলতি বছরের নভেম্বরে ভোটের যে প্রাথমিক পরিকল্পনা ছিল, তা থেকে সরে এসেছে কমিশন।
রোববার (২০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য জানান।
ইসি মাছউদ জানান, এর আগে আগামী ১২ নভেম্বর প্রাথমিক ভোটগ্রহণের তফসিল ঘোষণার একটি আলোচনা ছিল। কিন্তু নভেম্বর ও ডিসেম্বর মাসে সারাদেশে স্কুল-কলেজের বার্ষিক পরীক্ষা এবং এইচএসসি কেন্দ্রিক ব্যস্ততা থাকে। এ সময় ভোটকেন্দ্র স্থাপন, শিক্ষকদের প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনসহ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভোট আয়োজন করা সম্ভব হচ্ছে না। সার্বিক সুবিধা বিবেচনায় কমিশন সিদ্ধান্ত বদল করে জানুয়ারি মাসকে লক্ষ্য নির্ধারণ করেছে।
তিনি আরও জানান, নতুন তফসিল বা সিডিউল ঘোষণার বিষয়ে নির্বাচন কমিশন এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
একইসঙ্গে আগামী ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর নিবন্ধিত রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে নির্বাচন কমিশনের যে সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটিও বাতিল করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এই নির্বাচন কমিশনার।
Leave a Reply